২০১৯ সালের ডিসেম্বরের আগেই চীনের উহান শহরে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার কথা অস্বীকার করেছে বেইজিং। হার্ভার্ড মেডিক্যাল স্কুলের নতুন এক গবেষণায় উঠে আসে, ২০১৯ সালের আগস্টের শেষ দিক থেকেই উহানে করোনার প্রাদুর্ভাব ঘটেছে। হাসপাতালে কার পার্কিং-এর স্যাটেলাইট ইমেজ ও ইন্টারনেটে তথ্য সার্চের প্রবণতা বিশ্লেষণ করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন হার্ভার্ড ও বোস্টন ইউনিভার্সিটির গবেষকরা। তবে গবেষকদের এমন বক্তব্যকে ‘হাস্যকর’ হিসেবে আখ্যায়িত করেছে চীন।
এ গবেষণায় নেতৃত্ব দিয়েছেন বোস্টন শিশু হাসপাতালের প্রধান উদ্ভাবনী কর্মকর্তা জন ব্রাউনস্টেইন। গবেষণা প্রতিবেদনটি ছাপার হরফে প্রকাশের আগেই তা হার্ভার্ড-এর ড্যাশ সার্ভারে পোস্ট করা হয়েছে। এতে দেখা গেছে, ২০১৯ সালের গ্রীষ্মের শেষের দিক থেকে উহানের হাসপাতালগুলোর পার্কিং লটগুলোতে গাড়ির সংখ্যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছিল। তাছাড়া সে সময়ে চীনের বাইদু সার্চ ইঞ্জিনে ডায়রিয়া ও কফের উপসর্গসহ সংক্রামক রোগের কী ওয়ার্ড ব্যবহার করে সার্চ দেওয়ার প্রবণতা বেড়ে গিয়েছিল।
মঙ্গলবার এক নিয়মিত ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র হুয়া চুনিং-এর কাছে এ ব্যাপারে জানতে চান সাংবাদিকরা। এ সময় এই গবেষণার ফলাফল প্রত্যাখ্যান করে তিনি বলেন, রাস্তায় যান চলাচল থেকে এমন সিদ্ধান্তে উপনীত হওয়া একেবারেই অবান্তর।
এ গবেষণার প্রধান ব্রাউনস্টেইন ও তার দলের পক্ষ থেকে অবশ্য আগেই বলা হয়েছে, ‘গাড়ির সংখ্যা কিংবা সংক্রামক রোগ সম্পর্কে সার্চ করার প্রবণতা বেড়ে যাওয়ার সঙ্গে সরাসরি নতুন ভাইরাসের সম্পর্ক আছে বলে আমরা নিশ্চিত করে বলতে পারব না। তবে হুয়ানান সি ফুড মার্কেটে শনাক্ত হওয়ার আগে থেকেই ভাইরাসটির অস্তিত্ব ছিল বলে বিভিন্ন গবেষণায় যে দাবি করা হয়েছে তাকে সমর্থন দেয় আমাদের পাওয়া উপাত্ত। এ গবেষণার ফল সেসব পূর্বানুমানকে জোরালো করে যে দক্ষিণাঞ্চলীয় চীনে প্রাকৃতিকভাবে ভাইরাসটির উৎপত্তি হয়েছে।’
২০১৯ সালের শরৎ ও শীতে ব্যক্তি মালিকানাধীন হাসপাতালগুলোতে তুলনামূলকভাবে অনেক বেশি রোগী দেখা গেছে। ২০১৯ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে ছয়টি হাসপাতালের মধ্যে পাঁচটিতেই দৈনিক রোগীর সংখ্যা তুলনামূলকভাবে সর্বোচ্চ ছিল। ওই সময়ে ইন্টারনেটে বাইদু সার্চ কোয়েরিজ প্রযুক্তি ব্যবহারের প্রবণতা বিশ্লেষণ করেছেন গবেষকরা। তারা দেখেছেন ‘ডায়রিয়া’ ও ‘কাশি’ দিয়ে অস্বাভাবিক রকমের বেশি সার্চ দেওয়া হয়েছিল। আর উহানে করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদেরও একটি বড় অংশের ডায়রিয়ার উপসর্গ দেখা দিয়েছিল। সূত্র: আল জাজিরা, ফিনান্সিয়াল টাইমস।








