করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসপাতাল থেকেই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে চিকিৎসা নেওয়ার পাশাপাশি সেখানেই অফিস করছেন তিনি। শনিবার সেখানে তার দায়িত্ব পালনরত অবস্থার দুটি ছবি প্রকাশ করেছে হোয়াইট হাউজ। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
সস্ত্রীক করোনায় আক্রান্ত ট্রাম্পকে গত শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শনিবার সেখান থেকেই টুইটারে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন তিনি। টুইটে ট্রাম্প বলেন, ‘মনে হচ্ছে পুরোপুরি ঠিক আছি। সবাইকে ধন্যবাদ আর ভালোবাসা।’
যে ডেস্কে বসে ট্রাম্প ভিডিও বার্তা দিয়েছিলেন, হোয়াইট হাউজের প্রকাশিত ছবি দুটির একটি ওই ডেস্কের বলে জানিয়েছে সিএনএন। প্রকাশিত ছবিগুলোর একটিতে ট্রাম্পকে বসে থাকতে দেখা গেছে। আরেকটিতে তাকে কিছু লিখতে বা স্বাক্ষর করতে দেখা গেছে। তবে দুই ছবির একটিতেও তাকে মাস্ক পরতে দেখা যায়নি।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বাড়তি সাবধানতার অংশ হিসেবেই ট্রাম্পকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে পাঠানোর সিদ্ধান্ত নেন হোয়াইট হাউজের কর্মকর্তারা। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও স্বনামধন্য সামরিক হাসপাতালগুলোর একটি। মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত এখানেই তাদের বার্ষিক চেকআপ করিয়ে থাকেন। সেখানে ট্রাম্প অতিরিক্ত অক্সিজেন ছাড়াই ভালো আছেন। তাকে রেমডেসিভিরের প্রথম ডোজ দেওয়া হয়েছে।








