চীনের কিংদাও শহরে বসবাসরতদের সবার করোনা পরীক্ষা করা হবে বলে ঘোষণা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার (১২ অক্টোবর) তারা জানিয়েছে, আগামী পাঁচদিনে ৯০ লাখেরও বেশি মানুষের মধ্যে করোনা পরীক্ষা চালানো হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চীনের কিংদাও শহরে সম্প্রতি করোনা সংক্রমণ নতুন করে বেড়ে গেছে। ১১ অক্টোবর সন্ধ্যা নাগাদ সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ১২ জন। এর মধ্যে ৬ জন উপসর্গহীন। আক্রান্তদের বেশিরভাগই কিংদাও চেস্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিদেশ থেকে ফেরার পর যাদের শরীরে করোনা শনাক্ত হচ্ছে তাদেরকে এ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়ে থাকে।
এর আগে গত মে মাসে পুরো উহান শহরের বাসিন্দাদের করোনা পরীক্ষা করে চীন। সে সময় মাত্র ১০ দিনে ১ কোটি ১০ লাখ মানুষের দেহে করোনার পরীক্ষা চালানো হয়।








