আফগানিস্তানের রাজধানী কাবুলে রবিবার তালেবানের ঢুকে পড়ার ঘটনায় বেশ কয়েকটি দেশ প্রতিক্রিয়া জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব প্রতিক্রিয়ার কথা তুলে ধরা হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেন, আফগানিস্তানের পরিস্থিতির অবনতি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা এখনও নিজেদের দূতাবাস বন্ধের কোনও সিদ্ধান্ত নেইনি।
অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার শ্যালেনবার্গ বলেন, সংঘাত ও অস্থিতিশীলতা আজ বা কাল ইউরোপে ছড়াবে, বাদ যাবে না অস্ট্রিয়াও। তিনি আফগানিস্তানের মধ্য এশীয় প্রতিবেশী দেশগুলোর জন্য একটি ত্রাণ সম্মেলনের ঘোষণা দিয়েছেন।
আফগান শরণার্থীদের ইউরোপে প্রবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন কমিশনার মার্গারিতিস শিনাস বলেন, ইউরোপে যে অভিবাসন ও শরণার্থী আইন আমাদের প্রয়োজন তা গ্রহণ করতে আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তালেবানের কাবুল প্রবেশের আগে শনিবার এক বিবৃতিতে বলেছেন, আফগানিস্তানের সেনাবাহিনী যদি নিজেদের দেশকে রক্ষা করতে না পারে তাহলে এক বছর বা আরও পাঁচ বছর মার্কিন সেনাদের সেখানে উপস্থিতি কোনও পার্থক্য গড়বে না। অনির্দিষ্টকালের জন্য কোনও দেশে মার্কিন উপস্থিতি আমার কাছে গ্রহণযোগ্য না।









