কানাডার পূর্ব উপকূলে স্প্যানিশ মাছ ধরার ট্রলার ডুবে কমপক্ষে সাতজন মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি নিশ্চিত করেছে কানাডা ও স্প্যানিশ উদ্ধারকারী দল।
স্পেনের পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, সোমবার ডুবে যাওয়ার সময় নৌকাটিতে ২৪ জন নাবিক ছিলেন। এদের মধ্যে ১৬ জন স্পেনের, পাঁচজন পেরুর এবং তিনজন ঘানার নাগরিক রয়েছেন।
বিবৃতিতে দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, নিউফাউন্ডল্যান্ডের প্রায় ২৫০ নটিক্যাল মাইল পূর্বে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে তিন নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারীরা।
দুর্ঘটনাস্থলে মরদেহ পাওয়া গেছে বলে জানায় মন্ত্রণালয়। স্পেনের মুখপাত্র ইসাবেল রদ্রিগেজ সংবাদ সম্মেলনে বলেন, সরকারের স্থানীয় উদ্ধারকারী দলগুলোর সঙ্গে সমন্বয় এবং যোগাযোগ রয়েছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, নিউফাউন্ডল্যান্ডে ডুবে যাওয়া গ্যালিসিয়ান জাহাজের নিখোঁজ নাবিকদের সন্ধান চালাচ্ছি। তাদের পরিবারের প্রতি আমার ভালোবাসা। স্পেন সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
সূত্র: আল-জাজিরা।








