যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাই প্রক্রিয়ায় সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে বড় জয় পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আট বছর আগে তিনি সাউথ ক্যারোলিনায় হেরেছিলেন প্রতিদ্বন্দ্বী বারাক ওবামার কাছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মূলত কৃষ্ণাঙ্গদের সমর্থনেই প্রত্যাশিত জয় পেয়েছেন হিলারি ক্লিনটন। ৪৭ দশমিক ৫ শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। ৭৩ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন হিলারি। অপরদিকে, তার প্রতিপক্ষ বার্নি স্যান্ডারস পেয়েছেন ২৬ শতাংশ ভোট।
এদিকে, জয়ের পর দেয়া ভাষণে হিলারি ক্লিনটন সাউথ ক্যারোলিনার অধিবাসীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘আগামীকাল থেকে এই প্রচারণা জাতীয় পর্যায়ে পৌঁছাচ্ছে।’ তিনি পরবর্তী প্রাইমারিগুলোতেও জয়ের ধারা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন। এসময় হিলারি রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করেও তার বক্তব্যের পাল্টা জবাব দেন। তিনি বলেন, ‘আমেরিকাকে নতুন করে মহান হতে হবে না, আমেরিকা মহান আছে ও থাকবে।’
বার্নি স্যান্ডারস ভোটের ফলাফল গ্রহণ করে হিলারিকে অভিনন্দন জানিয়েছেন। তবে তিনি একই সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারণা তো মাত্র শুরু হলো। আমরা নিউ হ্যাম্পশায়ারে একটি বড় বিজয় অর্জন করেছি। তিনি সাউথ ক্যারোলিনায় বড় বিজয় অর্জন করেছেন। এখন তা নির্ভর করছে সুপার টিউসডের ওপর।’
১ মার্চ ‘সুপার টিউসডে’তে এগারোটি অঙ্গরাজ্যে প্রাইমারির আগে সাউথ ক্যারোলিনাতেই সর্বশেষ প্রাইমারি অনুষ্ঠিত হলো। সাউথ ক্যারোলিনায় জয়ের মাধ্যমে হিলারি ক্লিনটন এ পর্যন্ত তৃতীয় বিজয় অর্জন করলেন। এর আগে তিনি আইওয়া ও নেভাদায় জয় পেয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডারস জয় পেয়েছন নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে। সূত্র: বিবিসি।
/এসএ/বিএ/








