পাকিস্তানে এক সাংবাদিকের জামিন মঞ্জুর করেছে দেশটির আদালত। ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ মিছিল ঘিরে হতাহতের অভিযোগ তদন্তের সময় তাকে আটক করা হয়েছিল। শনিবার (৩০ নভেম্বর) ওই সাংবাদিকের আইনজীবী জামিনের তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মতিউল্লাহ জান নামের ওই সাংবাদিক দেশের রাজনীতিতে সামরিক প্রভাবের কঠোর সমালোচক। তাকে মাদক ও সন্ত্রাসবিরোধী মামলায় জামিন দিয়েছে ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত। সন্ধ্যার মধ্যেই মতিউল্লাহ ঘরে ফিরবেন বলে তার আইনজীবী ইমান মাজারি এক খুদে বার্তায় সাংবাদিকদের জানিয়েছেন।
মঙ্গলবার রাতে রাজধানী ইসলামাবাদের এক রাস্তা থেকে মতিউল্লাহকে আটক করা হয়। কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে হওয়া প্রতিবাদ মিছিলে হতাহতের প্রকৃত তথ্য বের করতে কাজ করছিলেন বলে জানিয়েছেন তার সহকর্মী ও আইনজীবী।
সাংবাদিকদের অধিকার রক্ষাকারী সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) মতিউল্লাহকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত মুক্তি দাবি করেছিল।
আটকের কয়েক ঘণ্টা আগে এক টেলিভিশন অনুষ্ঠানে সরকারের বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন মতিউল্লাহ। তিনি বলেন, প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি ও কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে সরকার। কিন্তু এই দাবিতে তার সন্দেহ রয়েছে।
সাংবাদিককে আটকের বিষয়ে পুলিশ ও তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
চলতি সপ্তাহে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) হাজারো সমর্থক ইসলামাবাদে বিক্ষোভ মিছিল করে। সরকার বলেছে, ওই সময় চারজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। অন্যদিকে, পিটিআই দাবি করেছে, শতাধিক বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া, নিহতের সংখ্যা আট থেকে ৪০ জনের মধ্যে বলে তারা দাবি করেছেন।







