আসামকে সম্পূর্ণরূপে বাংলাদেশিমুক্ত করার ঘোষণা দিয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি- বিজেপি। শনিবার বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, আসামে বিজেপি ক্ষমতায় আসলে শুধু ইন্দো-বাংলা সীমান্ত পুরোপুরি বন্ধই করে দেবে না, আসামকে সম্পূর্ণ বাংলাদেশিমুক্তও করবে। শনিবার আসামের গোহাটিতে এক নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।
অমিত শাহ বলেন, ‘বিজেপি সরকার কেন্দ্রে ইতোমধ্যে বাংলাদেশের সঙ্গে সীমান্ত সমস্যার সমাধান করেছে। আমরা শিগগিরই সীমান্ত পূর্ণাঙ্গভাবে বন্ধ করে দেব।’ চিহ্নিত অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে বিজেপি কিভাবে প্রস্তাব পাঠাবে; এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসাম, ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ প্রচেষ্টায় তাদের ফেরত পাঠানো হবে।
উল্লেখ্য, বিজেপি প্রেসিডেন্ট কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রক্ষা করার অভিযোগ করেন। অনুপ্রবেশ ইস্যুতে অবস্থান স্পষ্ট করার অনুরোধ জানিয়ে অমিত বলেন, ‘আমরা বেশ কয়েকবার কংগ্রেসকে অনুপ্রবেশ ইস্যুতে তাদের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছি। কিন্তু সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী নির্বিকার নীরবতা বজায় রেখেছেন- এটা ভয়ানক।’ অমিত শাহ আরো বলেন, ‘আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ কখনই আসামে বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকার কথা স্বীকার করেন না। সম্প্রতি তিনি বলেছেন, কেউ যদি তাকে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে দেখাতে পারে তাহলে তিনি পদত্যাগ করবেন।’
অমিত শাহ বলেন, ‘গগৈ তার সরকারের তৈরি করা প্রতিবেদনের কথা ভুলে গেছে। ২০১২ সালে এ প্রতিবেদনে আসামে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করা হয়।’ বক্তব্যের সত্যতা প্রমাণ করতে এ সংক্রান্ত প্রতিবেদনের একটি কপি দেখান অমিত। আসামে দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে বিজেপি জোট বিজয়ী হওয়ার প্রত্যাশ্যা করছে বলেও জানান তিনি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
/বিএ/








