পশ্চিম আফ্রিকার ১৫টি দেশের অর্থনৈতিক জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্টার্ন আফ্রিকান স্টেটস (ইকোয়াস) নাইজারে সাংবিধানিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের জন্য নিজেদের বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার জোটের প্রেসিডেন্ট ওমর আলিউ তুরায় এই ঘোষণা দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার নাইজেরিয়ার রাজধানী আবুজাতে ইকোয়াসের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জোটের প্রেসিডেন্ট গৃহীত সিদ্ধান্ত পাঠ করার পাশাপাশি সেনাদের প্রস্তুত থাকার নির্দেশের ঘোষণা দিয়েছেন। ব্লকটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের ক্ষমতায় ফিরে আসতে বাধাদানকারীদের ওপর নিষেধাজ্ঞা এবং ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছে।
বৈঠকের সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে, কমিটি অব দ্য চিফ অব ডিফেন্স স্টাফকে নির্দেশ দেওয়া হয়েছে ইকোয়াসের বাহিনীকে অবিলম্বে তাদের সব শাখাকে প্রস্তুত অবস্থায় রাখার জন্য। জোটের বাহিনীকে নাইজারে সাংবিধানিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে মোতায়েনের জন্য প্রস্তুত থাকতে হবে। তবে অপর এক সিদ্ধান্তে শান্তিপূর্ণ উপায়ের কথা বলা হয়েছে।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু ইকোয়াস চেয়ার বৈঠক শেষে বলেছেন, শেষ অবলম্বন হিসাবে শক্তি প্রয়োগসহ কোনও বিকল্প বাদ দেওয়া হয়নি। শান্তিপূর্ণ গণতান্ত্রিক স্থিতিশীলতার দিকে যাত্রায় নাইজারকে সমর্থন করার প্রতিশ্রুতিতে আমরা অটল আছি।
তিনি আরও বলেছেন, আমি আশা করি আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা নাইজারে স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের একটি রোডম্যাপ হিসেবে একটি শান্তিপূর্ণ সমাধান হাজির করতে পারব। এখনও সব শেষ হয়ে যায়নি।
গত ২৬ জুলাই সেনাবাহিনীর হাতে বন্দি হন পশ্চিমা সমর্থিত নাইজার প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম। তারই বাহিনীর কমান্ডার জেনারেল আবদুরাহমানে চিয়ানি নিজেকে নতুন জান্তা প্রধান হিসেবে ঘোষণা করেন। ইকোয়াসের পক্ষ থেকে রবিবারের (৬ আগস্ট) মধ্যে শাসনক্ষমতা গণতান্ত্রিক সরকারের হাতে ন্যাস্ত করার আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু তাতে কান দেয়নি জান্তা। পরবর্তী করণীয় নির্ধারণে বৃহস্পতিবার বৈঠকে বসে জোটটি।
বৈঠকের আগে বোলা টিনুবু সংকট সমাধানের প্রাথমিক উপায় হিসেবে কূটনৈতিক আলোচনার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেছিলেন, সামরিক হস্তক্ষেপকে শেষ অবলম্বন হিসেবে বিবেচনা করা উচিত।
এদিকে, মার্কিন বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিককে নাইজার জান্তা বলেছে প্রতিবেশী দেশগুলো মোহামেদ বাজুমের শাসন ফিরিয়ে আনতে সামরিক হস্তক্ষেপের চেষ্টা করলে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে তারা হত্যা করবে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই পশ্চিমা কর্মকর্তা এপিকে এ কথা বলেছেন।









