নাইজারে সামরিক অভ্যুত্থানে উৎখাত হওয়া প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। দুই সপ্তাহের বেশি সময় ধরে গৃহবন্দি রয়েছেন এই নেতা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
গত ২৬ জুলাই সেনাবাহিনীর হাতে বন্দি হন পশ্চিমা সমর্থিত নাইজার প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম। তারই বাহিনীর কমান্ডার জেনারেল আবদুরাহমানে চিয়ানি নিজেকে নতুন জান্তা প্রধান হিসেবে ঘোষণা করেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, আমরা তার স্বাস্থ্য এবং ব্যক্তিগত নিরাপত্তা এবং তার পরিবারের নিরাপত্তা নিয়ে খুব উদ্বিগ্ন।
উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, আটক হওয়ার পর বাজুম এবং তার পরিবার শোচনীয় অবস্থার মধ্যে জীবনযাপন করছেন এমন খবর প্রকাশের পর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর কঠোর নিন্দা জানিয়েছেন।
জাতিসংঘ প্রধানের মুখপাত্র বলেছেন, গুতেরেস বাজুম ও তার পরিবারের স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়ে উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছেন এবং নিঃশর্ত মুক্তি দিয়ে রাষ্ট্রপ্রধান হিসেবে তাকে পুনর্বহাল করার আহ্বান জানিয়েছেন।
এর আগে বাজুমের দলের পক্ষ থেকে বলা হয়েছিল, তাকে অমানবিক ও নির্মমভাবে রাখা হয়েছে। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাজুম তার বন্ধুর কাছে পাঠানো একাধিক বার্তায় বলেছেন, তিনি শুক্রবার থেকে সব মানবিক যোগাযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। কেউ তাকে খাবার বা ওষুধ সরবরাহ করেনি।
মার্কিন বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিককে নাইজার জান্তা বলেছে প্রতিবেশী দেশগুলো মোহামেদ বাজুমের শাসন ফিরিয়ে আনতে সামরিক হস্তক্ষেপের চেষ্টা করলে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে তারা হত্যা করবে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই পশ্চিমা কর্মকর্তা এপিকে এ কথা বলেছেন।








