১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল ২০২৬, ১৯:০৬ আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ২০:১৮

তুরস্কের কাছে ১০০ কোটি মার্কিন ডলার এবং দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারী’কে স্ত্রী হিসেবে দাবি করেছেন উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা। দাবি পূরণ না হলে ৩০ দিনের মধ্যে কাম্পালায় তুর্কি দূতাবাস বন্ধ এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন তিনি। মুহুজি উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধারাবাহিক কয়েকটি পোস্টে কাইনেরুগাবা এই অদ্ভুত দাবি ও হুমকি দেন। তার দাবি, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় উগান্ডার অবদানকে স্বীকৃতি দেওয়া হয়নি, তাই আর্থিক ক্ষতিপূরণ পাওয়া তাদের অধিকার।

মুহুজি অভিযোগ করেন, তুরস্ক সোমালিয়ার রাজধানী মোগাদিশুর বন্দর ও বিমানবন্দরসহ বিভিন্ন অবকাঠামো প্রকল্প থেকে মুনাফা অর্জন করছে। অথচ উগান্ডা প্রায় দুই দশক ধরে আফ্রিকান ইউনিয়নের মিশনের অংশ হিসেবে আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে লড়াই করে সেখানে নিরাপত্তা নিশ্চিত করছে।

উগান্ডার সেনাপ্রধান এই অর্থকে নিরাপত্তা লভ্যাংশ হিসেবে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, তুরস্কের জন্য এটি খুবই সাধারণ একটি চুক্তি। হয় তারা আমাদের টাকা দেবে, নয়তো আমি এখানে তাদের দূতাবাস বন্ধ করে দেবো। তারাও চাইলে তুরস্কে আমাদের দূতাবাস বন্ধ করে দিতে পারে, কোনও সমস্যা নেই।

শুধু অর্থই নয়, কাইনেরুগাবা তুরস্কের কাছে সে দেশের ‘সবচেয়ে সুন্দরী নারী’কে তার হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে বলেছেন, তিনি তাকে বিয়ে করতে চান। এর আগে ২০২২ সালের অক্টোবরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ে করার বিনিময়ে ১০০টি আঙ্কোল জাতের গরু উপহার দেওয়ার প্রস্তাব দিয়েও বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি।

তুরস্কের সঙ্গে সম্পর্ককে গুরুতর বিষয় উল্লেখ করে মুহুজি বলেন, এটি কোনও সামাজিক যোগাযোগমাধ্যমের নাটক নয়। তুরস্ক উগান্ডার সঙ্গে অন্যায্য আচরণ করছে অভিযোগ করে তিনি বলেন, পেছন থেকে বারবার আঘাত করে এমন বন্ধুর কার প্রয়োজন? একই সঙ্গে তিনি উগান্ডার নাগরিকদের নিরাপত্তার স্বার্থে তুরস্কে ভ্রমণ না করার পরামর্শ দেন।

একই পোস্টে তিনি ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করে বলেন, যিশুখ্রিষ্টের পবিত্র ভূমি রক্ষার জন্য তিনি নিজের কমান্ডে ১ লাখ উগান্ডান সেনা ইসরায়েলে পাঠাতে প্রস্তুত।

সূত্র: এনডিটিভি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত