ভূ-রাজনৈতিক অস্থিরতা ও যাত্রী মন্দার কারণে এ বছর তিনটি প্রধান গন্তব্যে ফ্লাইট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে মার্কিন উড়োজাহাজ সংস্থা আমেরিকান এয়ারলাইন্স। এই তালিকার মধ্যে প্রতিষ্ঠানটির অন্যতম দীর্ঘতম দূরত্বের নন-স্টপ ফ্লাইটও রয়েছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক এই এয়ারলাইন্সটি চলতি বছরে তাদের অভ্যন্তরীণ একটি এবং আন্তর্জাতিক দুটি রুটে সেবা বন্ধের ঘোষণা দেয়। বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা মারিয়া (এসএমএক্স) এবং গত আগস্টে মেক্সিকোর টিজুয়ানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালানো বন্ধ করে সংস্থাটি। তবে তাদের সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সেবা স্থগিত করা।
মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া উত্তেজনা এবং আশানুরূপ ব্যবসা না হওয়ায় গত মার্চে ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার ১৪.৫ ঘণ্টার দীর্ঘ নন-স্টপ সেবাটি বাতিল করে সংস্থাটি। ৬ হাজার ৭৯৮ মাইলের এই রুটটি ফিলাডেলফিয়া থেকে ছেড়ে যাওয়া দীর্ঘতম ফ্লাইট ছিল। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে আমেরিকান এয়ারলাইন্সের জোট সঙ্গী কাতার এয়ারওয়েজ আগস্ট থেকে ফিলাডেলফিয়া-দোহা রুটে দৈনিক ফ্লাইট পরিচালনা শুরু করে।
মূলত ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক রুট বন্ধে একা আমেরিকান এয়ারলাইন্সই নয়; সেবা স্থগিত করেছে ইউনাইটেড এয়ারলাইন্সও। এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে তাবিভগামী ফ্লাইট বন্ধ করেছিল আমেরিকান এয়ারলাইন্স, যা ২০২৭ সালের মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
অন্যদিকে ব্যবসায়িক অলাভজনকতার কারণে ফিনিক্স থেকে মেক্সিকোর টিজুয়ানা এবং ক্যালিফোর্নিয়ার সান্তা মারিয়ায় অভ্যন্তরীণ রুট দুটি বন্ধ করা হয়। ২০১৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত চলা সান্তা মারিয়া রুটটি পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় বন্ধ করে দেওয়া হয়।
তবে তিনটি রুট বন্ধ করলেও ২০২৭ সাল থেকে নতুন সাতটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরুর কথা জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্স। এর মধ্যে ফিলাডেলফিয়া থেকে পর্তুগালের পোর্তো, অস্ট্রিয়ার ভিয়েনা এবং আইসল্যান্ডের রেইকিয়াভিক রুটে নতুন করে সেবা যুক্ত হতে যাচ্ছে।
সূত্র: নিউ ইয়র্ক পোস্ট
এবার মদিনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করলো সৌদি জোট
১২ বছর পর চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নতুন সেতু চালু