মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন নির্বাচনে বিরোধী প্রার্থী ইব্রাহিম সোলিহের কাছে হার মেনে নিয়েছেন। সোমবার তিনি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট নির্বাচনে ফেল মেনে নেওয়ার কথা জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
ইয়ামিন বলেন, মালদ্বীপের জনগণ যা চান তা তারা নির্বাচন করেছেন। গতকাল থেকেই আমি নির্বাচনের ফল মেনে নিয়েছে। আজকে সকালে আমি ইব্রাহিম মোহাম্মদ সোলিহের সঙ্গে বৈঠক করেছি। তাকেই পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করেছেন জনগণ। আমি তাকে অভিনন্দন জানিয়েছি।
ক্ষমতাসীন প্রেসিডেন্টের নির্বাচন প্রভাবিত করার চেষ্টা সত্ত্বেও রবিবার অনুষ্ঠিত মালদ্বীপের নির্বাচনে অভাবনীয় জয় পেয়েছেন বিরোধী জোটের প্রার্থী সোলিহ। বুথ ফেরত জরিপেও এগিয়ে ছিলেন তিনি। ওই সময়ই নিজের বিজয় দাবি করে ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিনকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব দিয়েছিলেন সোলিহ। সোমবার নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করে। ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইয়ামিনের নির্বাচন প্রভাবিত করার বহুমুখী প্রচেষ্টা সত্ত্বেও তার বিজয়ী হওয়ার ঘটনাকে দেখা হচ্ছে ‘বিস্ময়কর’ হিসেবে।
সোমবার সকালে কমিশন ঘোষিত ফলাফলে দেখা যায়, পপুলার ভোটের ৫৮.৩ শতাংশ নিজের পক্ষে নিয়ে বিজয়ী হয়েছেন সোলিহ। ইয়ামিনের সঙ্গে ভোটের ব্যবধান ছিল ১৬ দশমিক ৭ শতাংশ।
পর্যবেক্ষকদের আশঙ্কা ছিল, নির্বাচনে ইয়ামিনের পক্ষে কারচুপি করা হচ্ছে। ইয়ামিনের সরকারের বিরুদ্ধে ভিন্নমত দাবিয়ে রাখার অভিযোগ পুরনো। এমনকি নির্বাচনের ঠিক আগের দিন রাতেও বিরোধী জোটের সদর দপ্তরে পুলিশি অভিযান চালানো হয় ‘ঘুষপ্রদান এবং ভোট প্রক্রিয়া প্রভাবিত করা’র ঘটনার তদন্তের অংশ হিসেবে। তা সত্ত্বেও বুথ ফেরত জরিপেই বিরোধী জোটের প্রার্থীর বিজয়ের আভাস স্পষ্ট হয়েছিল। কমিশন ফল ঘোষণা করার আগেই স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ৪৭২টি আসনের মধ্যে বিরোধী জোট ৪৩৭টিতে জয় পেয়েছেন।







