কুইবেকের শিক্ষামন্ত্রী জিন-ফ্রাসোঁয়া রবার্জের সঙ্গে নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের বৈঠকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সমালোচকরা কুইবেক মন্ত্রী ‘ভণ্ডামি’ করছেন বলে অভিযোগ করেছেন।
কানাডার সংবাদমাধ্যম সিবিসি জানায়, রবার্জ ফ্রান্সে মালালার সঙ্গে বৈঠক করেন। টুইটারে মালালার সঙ্গে বৈঠকের ছবি প্রকাশ করেছেন রবার্জ। তিনি জানান, তারা শিক্ষা ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন।
টুইটারে ছবিটি প্রকাশ হওয়ার পরপরই সমালোচনা শুরু হয়। অনেকেই রবার্জকে মনে করিয়ে দেন যে, হিজাব পরিহিত মালালা কুইবেকের সরকারি স্কুলে শিক্ষকতা করতে পারবেন না। কারণ সরকারের নতুন নিরপেক্ষ আইনে শিক্ষকরা স্কুলে হিজাব পরতে পারবেন না।
অনেক টুইটার ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন রবার্জের কাছে, তারা জানতে চেয়েছেন, যদি মালালা কুইবেকে শিক্ষকতা করতে চান তাহলে কী হবে?
জবাবে রবার্জ বলেন, আমি তাকে অবশ্যই বলবো যে, কুইবেক বা ফ্রান্সের মতো নিরপেক্ষ ও সহিষ্ণু দেশে শিক্ষকরা দায়িত্ব পালনের সময় ধর্মীয় পোশাক পরতে পারেন না।
গত মাসে কুইবেকে একটি আইন পাস হয় যাতে সরকারি খাতে যেমন, শিক্ষক, পুলিশ কর্মকর্তা ও প্রসিকিউটররা পেশাগত দায়িত্ব পালনের সময় ধর্মীয় প্রতীকী পোশাক পরতে পারবেন না। সূত্র: ডন।






