বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ও এই ভাইরাসে প্রাণহানির সংখ্যা বাড়ছেই। এরইমধ্যে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো জানিয়েছে, দেশটিতে করোনায় মৃত্যুর যে সংখ্যা নিশ্চিত করা হয়েছে ভাইরাসটিতে মৃতের প্রকৃত সংখ্যা তার চেয়ে অন্তত ৬১ শতাংশ বেশি হতে পারে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য বলছে, এ বছরের ষষ্ঠ সপ্তাহ পর্যন্ত করোনায় দুই লাখ ৯৪ হাজার ২৮৭ জনের মৃত্যু নিবন্ধন করা হয়েছে।
এর আগে সরকারিভাবে নিশ্চিত করা তথ্যে এক লাখ ৮২ হাজার ৩০১ জনের মৃত্যুর কথা বলা হয়েছিল। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য বলছে, সরকারি ওই পরিসংখ্যানের চেয়ে মৃতের প্রকৃত সংখ্যা ৬১ দশমিক ৪ শতাংশ বেশি।
সরকারিভাবে অবশ্য বরাবরই বলে আসা হচ্ছিল যে, করোনায় মৃতের প্রকৃত সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে ঢের বেশি।
রয়টার্সের খবরে বলা হয়েছে, পর্যাপ্ত পরীক্ষার সুযোগ না থাকায় করোনায় আক্রান্ত হয়ে লোকজনের মৃত্যুর বহু ঘটনা লিপিবদ্ধ করতে পারেনি কর্তৃপক্ষ।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এরইমধ্যে করোনার একাধিক টিকা আবিষ্কৃত হয়েছে।









