পাকিস্তানে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত একটি মিছিলে বোমা বিস্ফোরিত হয়েছে। এতে অন্তত ছয়জন নিহত ও আরও দশজন আহত হয়েছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আফগানিস্তান সীমান্তবর্তী চমন নগরীতে শুক্রবার এই হামলা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এখবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, সংহতি মিছিলে জমিয়তে উলামায়ে ইসলাম (নাজরিয়াতি) গ্রুপের উপ-প্রধান আব্দুল কাদির লোনির গাড়ি লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়। তিনি মিছিলটির নেতৃত্বে দিচ্ছিলেন।
পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে বোমাটি লুকিয়ে রাখা ছিল। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
বিস্ফোরণের পরপরই আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা বিস্ফোরণস্থল ঘিরে ফেলে। আহতদের কাছের হাসপাতালে নেওয়া হয়েছে।
এই ঘটনায় চমন নগরীতে উত্তেজনা বিরাজ করছে। শহরটিতে অতিরিক্ত পুলিশ ও ফ্রন্টিয়ার কর্পস মোতায়েন করা হয়েছে।









