কাবুল দখলের পরও প্রকাশ্যে না আসা তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা আফগানিস্তানে রয়েছেন বলে জানিয়েছেন গোষ্ঠীটির এক মুখপাত্র।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, আখুন্দজাদা এখন কান্দাহারে রয়েছেন।শুরু থেকেই তিনি কান্দাহারে বাস করছেন। গত সপ্তাহেও তিনি জানিয়েছিলেন, শিগগিরই তাকে দেখা যাবে।
উপ-মুখপাত্র বিলাল কারিমি বলেন, শিগগিরই সর্বোচ্চ নেতা প্রকাশ্যে আসবেন।
২০১৬ সালে দলের সংকটকালে তিনি হাল ধরেন। সেই সময়ে ক্ষমতার লড়াইয়ে টুকরো টুকরো হতে বসেছিল সংগঠন। মাথাচাড়া দেয় গোষ্ঠী দ্বন্দ্ব। তবে দায়িত্ব নিয়েই দলকে ঐক্যবদ্ধ করতে সমর্থ হন তিনি।
শুধু কিছু বিশেষ বিশেষ দিনে তালেবান প্রধানের বার্তা প্রচার করা হয়। তালেবানের পক্ষ থেকে হাইবাতুল্লাহ আখুন্দজাদার একটি ছবি প্রকাশকে বাদ দিলে তার সম্পর্কে আর তেমন কিছু জানা যায় না। তিনি কোথায় রয়েছেন, কী করছেন— সবটাই ধোঁয়াশা। গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখলের পরেও সেই ধারা অক্ষুণ্ণ রয়েছে।
সূত্র: ডন









