তালেবান যোদ্ধারা একটি প্রাদেশিক শহরে এক নারী পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে। ঘটনার এক প্রত্যক্ষদর্শী ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এই তথ্য জানিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘোর প্রদেশের ফিরোজকহ এলাকায় ওই পুলিশ কর্মকর্তার বাড়িতে আত্মীয়দের সামনে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত পুলিশ কর্মকর্তার নাম বানু নিগার।
বিবিসিকে তালেবান জানিয়েছে, তারা নিগারের হত্যায় জড়িত না এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা ঘটনাটি সম্পর্কে অবগত এবং আমি নিশ্চিত করছি তালেবান তাকে হত্যা করেনি। আমাদের তদন্ত চলছে।
তিনি আরও জানান, তালেবান ইতোমধ্যে আগের প্রশাসনে কাজ করা কর্মীদের ক্ষমা করার ঘোষণা দিয়েছে। নিগারের হত্যাকাণ্ডকে ব্যক্তিগত বিরোধী বা অন্য কিছুর কারণে সংঘটিত হয়ে থাকতে পারে বলে তিনি উল্লেখ করেছেন।
ফিরোজকহ এলাকার মানুষেরা তালেবানের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাওয়ায় ঘটনাটি সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। কিন্তু তিনটি সূত্র জানিয়েছে, শনিবার স্বামী ও সন্তানের সামনে নিগারকে মারধর ও গুলি করে তালেবান যোদ্ধারা।
নিহতের আত্মীয়রা কয়েকটি ছবি দেখিয়েছেন যাতে ঘরের দেয়ালে রক্ত ও এক কোণে একটি দেহ পড়তে থাকতে দেখা গেছে এবং মুখে অনেক জখম।
পরিবার বলছে, নিগার স্থানীয় কারাগারে কাজ করতেন এবং আট মাসের অন্তঃসত্ত্বা। শনিবার তিন বন্দুকধারী তাদের বাড়িতে আসে। পরিবারের সদস্যদের বেঁধে রাখার আগে ঘরে তল্লাশি চালায় তারা।
এক প্রত্যক্ষদর্শী জানান, অনুপ্রবেশকারীদের আরবি ভাষায় কথা বলতে শোনা গেছে।








