মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে উঠা ৬৮ কোটি ১০ লাখ ডলারের দুর্নীতির অভিযোগ নাকচ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেল মোহামেদ আপানদি জানিয়েছেন, সৌদি রাজপরিবার থেকে ব্যক্তিগত অনুদান হিসেবেই নাজিব রাজাকের ব্যাংক অ্যাকাউন্টে ওই অর্থ স্থানান্তরিত হয়েছিল।
এক বিবৃতিতে মোহামেদ আপানদি বলেন, সৌদি রাজপরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্পর্কের কারণেই তাকে এ অর্থ দেওয়া হয়েছিল। এগুলো উপঢৌকন বা ঘুষ হিসেবে দেওয়া হয়নি।
দুর্নতিবিরোধী তিনটি তদন্ত কমিটির প্রতিবেদনে তার বিরুদ্ধে কোনও অপরাধের প্রমাণ মেলেনি। তাই এ বিষয়ে নাজিব রাজাকের বিরুদ্ধে আর কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলেও জানান দেশটির অ্যাটর্নি জেনারেল।
চেষ্টা করা হলেও এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দফতর থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
/এমপি/








