খাদ্য সংকট এড়াতে কৃষকদের বেশি করে ধান চাষে আগ্রহী করতে চাইছে শ্রীলঙ্কা। মঙ্গলবার দেশটির এক শীর্ষ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, উৎপাদন ৫০ শতাংশ কমে গেলে মারাত্মক অর্থনৈতিক সংকটে থাকা দেশটির পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
সাত দশকের মধ্যে সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। দুই কোটি ২০ লাখ জনগোষ্ঠীর দেশটিতে মারাত্মক বিদেশি মুদ্রা সংকট চলছে। ফলে জ্বালানি, খাবার এবং ওষুধ আমদানির ব্যয় মেটাতে পারছে না দেশটি।
মঙ্গলবার কৃষিমন্ত্রী মাহিন্দা অমরাবীরা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটা স্পষ্ট যে খাদ্য পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। আমরা সকল কৃষককে আগামী পাঁচ থেকে দশ দিনের মধ্যে তাদের মাঠে নেমে ধান চাষ করার জন্য অনুরোধ করছি।’
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে সতর্ক করে বলেছেন আগস্ট নাগাদ দেশে মারাত্মক খাদ্য সংকট হতে পারে। এছাড়া তিনি ৬০ কোটি ডলারের সার আমদানির প্রয়োজন হবে বলে জানান তিনি।
কৃষি বিশেষজ্ঞদের একটি গ্রুপ সতর্ক করে বলেছেন, বেশিরভাগ সার পরবর্তী চাষের মৌসুমের জন্য খুব দেরিতে পৌঁছাবে যা সাধারণত জুনের শুরুতে শুরু হয়ে থাকে। আগামী দুই মৌসুম চাহিদা মেটাতে যথেষ্ট পরিমাণ সার পাওয়া যাবে না বলেও জানান তারা।।
পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বুদ্ধি মারাম্বে বলেন, পদক্ষেপ নেওয়ার পরও কিছু এলাকায় ৫০ শতাংশ কম জমিতে ধান চাষ হবে। তিনি বলেন, ‘আজকে সার আনা শুরু হলেও ভালো ফলনের জন্য তা দেরি হয়ে যাবে।’
ভারতের কাছ থেকে ৬৫ হাজার টন সার পেতে আলোচনা চালিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। এছাড়া আরও কয়েকটি দেশের কাছে সার চেয়েছে দেশটি। তবে এসব সার কখন শ্রীলঙ্কায় পৌঁছাবে তা স্পষ্ট নয়।
সূত্র: এনডিটিভি






