পাকিস্তানের করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় বিমান সংস্থা পিআইএ-কে বেসরকারিকরণের প্রতিবাদে বিমানটির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষ হয়। এ সময় গুলিতে এয়ারলাইন্সের দুই কর্মী নিহত হয়েছেন ও আহত হয়েছেন বেশ কয়েকজন।
মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পাকিস্তানের জাতীয় বিমান সংস্থাকে বেসরকারিকরণের মাধ্যমে লাভ প্রতিষ্ঠানে রূপান্তরের ঘোষণা দেন। এ ঘোষণার পরই বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটিতে কর্মরতরা।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর খবরে বলা হয়েছে, মঙ্গলবার দুপুরে বিক্ষোভকারীরা বিমানবন্দরের প্রধান ফটক অবরোধ করলে পুলিশ ও আধা-সামরিক রেঞ্জাররা তাদের লক্ষ্য করে রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। তবে আইন প্রয়োগকারী সংস্থা বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণের কথা অস্বীকার করেছে।
গুলিতে আহত দুই ব্যক্তি মারা গেছেন। তাদের একজনের নাম ইনায়েত রাজা। তিনি এয়ারলাইন্সের ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত ছিলেন। আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
অপর নিহত ব্যক্তির নাম সালিমের মৃত্যু হয় জিন্নাহ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল সেন্টারে। হাসপাতালের মুখপাত্র সিমি জামালী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অন্তত দশজন গুলিবিদ্ধকে হাসপাতালে আনা হয়েছে।
পিআইএ’র মুখপাত্র দানিয়াল গিলানি জানান, কর্তৃপক্ষ বিক্ষোভকারী কর্মচারীদের আলোচনার জন্য আহ্বান জানায়। কিন্তু ইউনিয়ন এতে রাজি হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। সংঘর্ষের ঘটনায় বিমান পরিচালনায় কোনও বিঘ্ন ঘটবে না।
এদিকে, করাচিতে হামলার প্রতিবাদে পিআইএ কর্মচারীরা মুলতান ও পেশাওয়ারে বিক্ষোভ করেছেন।
/এএ/







