আফগানিস্তানে যুক্তরাজ্যের তিন নাগরিককে বন্দি করেছে তালেবান প্রশাসন। অলাভজনক প্রেসিডিয়াম নেটওয়ার্ক জানিয়েছে, আফগানিস্তানে তালেবানদের হাতে তিনজন ব্রিটিশ আটক হয়েছেন। রবিবার (২ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রেসিডিয়াম নেটওয়ার্ক টুইটারে বলেছে, তারা ভুক্তভোগীর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আফগানিস্তানে তালেবানের হাতে আটক ব্রিটিশ নাগরিকদের বিষয়ে কমনওয়েলথ ও আটকৃতদের পরিবারকে সহায়তা করার জন্য চেষ্টা চালানো হচ্ছে।
টুইটারে তালেবানের উদ্দেশে প্রেসিডিয়াম নেটওয়ার্ক জানায়, ভুল বোঝাবুঝি থেকে তিনজনকে আটক করা হতে পারে। তাদের ছেড়ে দিতে তালেবানের প্রতি আহ্বান জানানো হয়েছে।
২০২১ সালে আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখলে নেয় সশস্ত্র গোষ্ঠী তালেবান। এরপর থেকেই দেশটিতে ইসলামি শাসন চালু করে তালেবান প্রশাসন। ক্ষমতা দখলের পর থেকেই আফগান নারীদের কোণঠাসা করে রেখেছে তালেবান সরকার। নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ থেকে শুরু করে এনজিওতে কাজের ওপরও নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তারা। আশরাফ গণির সরকারকে সরিয়ে ক্ষমতায় বসার পর এ পর্যন্ত অনেক বিতর্কিত পদক্ষেপ নিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান প্রশাসন। নারীদের জনসমাগম স্থানে চলাচলে কঠোর বিধিনিষেধ, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষায় নিষেধাজ্ঞা জারি করেছে। এ বিষয়ে সমালোচনার ঝড় উঠে পশ্চিমা বিশ্বে। তালেবান প্রশাসনকে কঠোরভাবে সতর্কও করেছে যুক্তরাষ্ট্র।









