অতীতের সামরিক বিরোধ দ্রুত নিষ্পত্তি করে পরস্পরের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। রবিবার (৪ জুন) এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন শাংরি-লা সংলাপে জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা এমন কথা বলেছেন। এক প্রতিবেদনে রয়টার্স এ খবর জানিয়েছে।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে দক্ষিণ কোরীয় প্রতিরক্ষামন্ত্রী লি জং-সুপের সঙ্গে আলোচনা করেছেন হামাদা। আলোচনার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আমরা। দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে জাপান।’
এ বিষয়ে সাংবাদিকদের লি জং-সুপ জানিয়েছেন, তিনি ও হামাদা সমস্যাগুলো সমাধানে সম্মত হয়েছেন।
দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশ দুটি ঐতিহাসিক বিভিন্ন বিরোধে জড়িয়ে পড়েছিল। ১৯১০ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত জাপানের উপনিবেশ ছিল দক্ষিণ কোরিয়া। ওই সময় কোরীয়দেরকে খনি ও কারখানায় কাজ করতে বাধ্য করে জাপানি সেনারা। এছাড়া ২০১৮ সালেও কিছু বিষয় নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে দেশ দুটি।
দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা আরও বাড়াতে এবং মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবিলায় সম্মত হয়েছেন এই দুই মন্ত্রী। উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক জোরদারের উদ্যোগ নিয়েছিল জাপান। সূত্র:রয়টার্স








