পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে সশস্ত্র হামলা চালানো হয়েছে। সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তিরা বন্দুক, হ্যান্ড গ্রেনেড ও রকেট নিয়ে বুধবার এই হামলা চালায়। এতে অন্তত চার সেনা নিহত হয়েছে। সেনাবাহিনী ও গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, হামলায় আরও পাঁচ সেনা গুরুতর আহত হয়েছে। সেনাবাহিনীর পাল্টা হামলায় অন্তত তিন সশস্ত্র হামলাকারী নিহত হয়েছে। অপর দুই হামলাকারীকে গ্রেফতার অভিযান চলছে।
সেনাবাহিনী বলেছে, বালুচিস্তানের জভ জেলায় বুধবার ভোরে একাধিক সশস্ত্র ব্যক্তি এই হামলা চালিয়েছে।
গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, সেনাদের বসবাসের স্থানে গ্রেনেড ছোড়ার পর সশস্ত্র ব্যক্তিরা কয়েক ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। সন্ত্রাসীদের প্রাথমিক লক্ষ্য ছিল ঘাঁটিতে ঢুকে পড়া। কিন্তু দায়িত্বে থাকা সেনাদের চোখে তারা ধরা পড়ে যায়। তুমুল গোলাগুলির পর ছোট একটি এলাকায় সন্ত্রাসীদের ঘিরে ফেলা হয়।
নতুন গঠিত একটি জঙ্গী সংগঠন তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) এই হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, হামলাকারীর ছবি ও ভিডিও প্রকাশ করা হবে।
খনিজ সমৃদ্ধ পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশটির সীমান্ত আফগানিস্তান ও ইরানের সঙ্গে। দীর্ঘ দিন ধরে এখানে জাতিগত বিচ্ছিন্নতাবাদীদের সক্রিয়তা রয়েছে।








