জাপানের টোকিওর তামা জুলজিক্যাল পার্কে এক সপ্তাহের ব্যবধানে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছে তিনটি স্ত্রী সিংহ। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যাওয়া এই তীব্র গরমে পানিশূন্যতা ও একাধিক অঙ্গ বিকল হয়ে তিন থেকে ১৫ বছর বয়সী এই সিংহগুলোর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
চিড়িয়াখানা প্রতিনিধি মিওয়া কোসাকা জানান, এ ধরনের অভিজ্ঞতা তাদের এবারই প্রথম। গত ১৯ জুলাই তিন বছর বয়সী মুগি নামের একটি সিংহী খাওয়া বন্ধ করে দেয় এবং পরদিন দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারায়। ফ্যান, পানি, স্যালাইন ও ভিটামিন দিয়েও তাকে বাঁচানো যায়নি; ২৮ জুলাই সে মারা যায়। এরপর ৩১ জুলাই ১১ বছর বয়সী ইচিগো এবং রবিবার ১৫ বছর বয়সী লুয়েনা মারা যায়।
মৃত্যুর চূড়ান্ত কারণ ল্যাব পরীক্ষার পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে প্রচণ্ড গরমকেই দায়ী করা হচ্ছে। অসুস্থ থাকা আরও তিনটি সিংহের চিকিৎসা চলছে এবং তাদের মধ্যে উন্নতির লক্ষণ দেখা গেছে। এর মধ্যে চারটিকে সুস্থ করে তোলা হয়েছে এবং বাকি ছয়টি শুরু থেকেই সুস্থ ছিল। এদের জন্য এয়ারকন্ডিশনার ও শিল্পমানের বড় ফ্যানের ব্যবস্থা করা হয়েছে।
টোকিও বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিনের অধ্যাপক হিদেয়াকি কারাকি জানান, সিংহ ঘামের বদলে ঘন ঘন শ্বাস ছেড়ে বাতাস থেকে আর্দ্রতা নিয়ে শরীর ঠান্ডা করে। কিন্তু অতিরিক্ত আর্দ্রতার কারণে তাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিক হতে পারেনি। এছাড়া হঠাৎ গরম বেড়ে যাওয়াতেও খাপ খাইয়ে নেওয়ার সময় পায়নি প্রাণীগুলো।
১৯৬৪ সাল থেকে এই চিড়িয়াখানার প্রধান আকর্ষণ ছিল সাফারি বাস থেকে সিংহ দেখা। অতিরিক্ত গরমে সিংহ অসুস্থ হয়ে পড়ায় ইতোমধ্যে এই বাস সার্ভিস ও প্রদর্শন স্থগিত রাখা হয়েছে। এই গ্রীষ্মে তীব্র তাপদাহের কারণে জাপানজুড়ে ৪৩ হাজারের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সরকারের পক্ষ থেকে জনগণকে ঠান্ডা থাকার এবং চাকুরিজীবীদের হালকা পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি

ইরানে কি কোণঠাসা হয়ে পড়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুত প্রায় শেষ







