ভারতের কর্নাটকের মাণ্ড্য জেলায় ট্রাক্টরের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে লোহার রড বাসের কাচ ভেঙে ভেতরে ঢুকে পড়ায় চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জনেরও বেশি যাত্রী।
জেলার নাগমঙ্গলা তালুকের বরাহসান্দ্র গেটের কাছে কর্নাটক রাজ্য সড়ক পরিবহন করপোরেশনের (কেএসআরটিসি) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লোহার রড বহনকারী একটি ট্রাক্টরকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। প্রচণ্ড ধাক্কায় ট্রাক্টরে থাকা লোহার রডগুলো বাসের সামনের অংশ ভেদ করে ভেতরে ঢুকে পড়ে।
নিহত বাসচালকের নাম শেখর। তিনি কর্নাটকের হাসানের বাসিন্দা। বাসের ভেতর রড ঢুকে তার শরীর ফুটো হয়ে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় বাসের ১০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বর্তমানে বেল্লুরের এইমস হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, বাসের সামনের কাচ ভেঙে একাধিক রড ও বার ভেতরে ঢুকে গেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটির সামনের অংশ উল্টে গেছে এবং একটি রড চালকের পেট ফুটো করে ভেতরে ঢুকে পড়েছে।
সূত্র: এনডিটিভি

নাটালি হার্পসহ হোয়াইট হাউসের কর্মকর্তাদের ট্রাম্পের উপহার, কে কত পেলো?







