চীনা শ্রমিক ও কৃষক লাল ফৌজের ঐতিহাসিক লংমার্চ বিজয়ের ৯০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বেইজিংয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এ উদযাপনী আয়োজনে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট, কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি জিনপিং।
ভাষণে শি জিনপিং কমরেড মাও সে-তুং, চৌ এন লাই ও চু ত্য-সহ প্রবীণ বিপ্লবী নেতা, রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নেওয়া লাল ফৌজের সেনা ও সব সমর্থনকারী জনগণকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি বলেন, ১৯৩৪ থেকে ১৯৩৬ সালের মধ্যে লাল ফৌজের সদস্যরা ২৫ হাজার লি (প্রায় ১২ হাজার ৫০০ কিলোমিটার) পথ পাড়ি দিয়ে শত্রুর ঘেরাও চূর্ণবিচূর্ণ করে দেয়, যা কুওমিনতাং প্রতিক্রিয়াশীলদের ষড়যন্ত্র ব্যর্থ করে চীনা বিপ্লবে নতুন অধ্যায়ের সূচনা করেছিল।
তিনি উল্লেখ করেন, লংমার্চের বিজয়ের পর থেকে ৯০ বছরে সিপিসি জনগণকে নেতৃত্ব দিয়ে বিভিন্ন মহান বিজয় অর্জন করেছে। সিপিসি’র ১৮তম জাতীয় কংগ্রেসের পর চীনা ঘরানার সমাজতন্ত্র নতুন যুগে প্রবেশ করেছে এবং প্রথম শতবার্ষিক লক্ষ্য নির্ধারিত সময়ে অর্জিত হয়েছে।
শি জিনপিং জোর দিয়ে বলেন, লংমার্চের মহান চেতনা প্রচারের প্রক্রিয়ায় সিপিসি’র নেতৃত্ব বজায় রাখতে হবে; দৃঢ়ভাবে উচ্চ মানের উন্নয়ন করতে হবে; উন্নত জীবনের জন্য জনগণের ক্রমবর্ধমান চাহিদা ক্রমাগত পূরণ করতে হবে।
এ ছাড়া তিনি চীনকে বিশ্বমানের বাহিনীতে রূপান্তর ও প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন ত্বরান্বিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য লি ছিয়াং, চাও ল্য চি, ওয়াং হুনিং, ছাই ছি, তিং সুয়ে সিয়াং, লি সি এবং ভাইস প্রেসিডেন্ট হান চেং উপস্থিত ছিলেন।
সূত্র: সিএমজি
দ. কোরিয়া সীমান্তে লাউডস্পিকার বাজাবে উত্তর কোরিয়া
সৌদি আরবে ছয় মাসে ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর