শার্লি এবদো হামলার প্রথম বার্ষিকীতে প্যারিসে পুলিশের গুলিতে নিহত সন্দেহভাজনের পরনে নকল আত্মঘাতী বেল্ট ছিল । দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার একটি পুলিশ স্টেশনে ‘আল্লাহু আকবর’ বলে প্রবেশের চেষ্টাকালে পুলিশের গুলিতে মৃত্যু হয় ওই সন্দেহভাজনের।
এএফপির বরাত দিয়ে গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বোমা নিষ্ক্রিয়কারীদল ও সন্ত্রাসবাদ বিরোধী তদন্তকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়। ওই ব্যক্তির পরিহিত স্যুটের ভেতর থেকে একটি ওয়্যার বের হতে দেখা যাওয়ায় সন্দেহ করা হয়েছিল তার শরীরে আত্মঘাতী বোমার বেল্ট রয়েছে। পরে শরীর পরীক্ষা করে দেখা যায় এতে কোনও বিস্ফোরক ছিল না।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই ব্যক্তি পুলিশ স্টেশনের অভ্যর্থনায় থাকা কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা চালায়। তার হাতে একটি ছুরি ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশের পক্ষ থেকে চারটি গুলির আওয়াজ শোনা গেছে। এ সময় পুলিশ পুরো এলাকার যাতায়াত বন্ধ করে দেয়। স্থানীয়দের জানালা বন্ধ ও বারান্দায় দাঁড়াতেও নিষেধ করা হয়। দুটি শিশুদের স্কুলও বন্ধ করে দেওয়া হয়। সশস্ত্র পুলিশ নিকটবর্তী রাস্তায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
এর আগে স্থানীয় বিএফএমটিভিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পিয়েরে-হেনরি ব্রান্ডেটের উদ্বৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল মন্টমার্ট্রির কাছে গ্যেতে ডি’অর পুলিশ স্টেশনের সামনে ওই ব্যক্তি ‘আল্লাহু আকবর’ বলে ঢুকে পড়ার চেষ্টা করে। এ সময় পুলিশ গুলি করলে ওই ব্যক্তির মৃত্যু হয়।
কর্মকর্তারা জানান, ওই ব্যক্তির হাতে একটি ছুরি ছিল এবং আত্মঘাতীর বোমার বেল্ট থাকতে পারে। সড়কে পড়ে থাকা মৃতদেহে বোমা নিষ্ক্রিয় করতে রোবট পুলিশকে কাজে লাগানো হয়।

২০১৫ সালের ৭ জানুয়ারি শার্লি এবদোর কার্যালয়ে সন্ত্রাসী হামলায় কার্টুনিস্টসহ ১২ জন নিহত হন। নবী মুহাম্মদ (সঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের পর সন্ত্রাসীদের আক্রোশের শিকার হন শার্লি এবদোর সাংবাদিক ও কার্টুনিস্টরা। এরপর একটি ইহুদি সুপারমার্কেটে বন্দুকধারীদের হামলায় আরও ৫ জন নিহত হন। নিহতদের মধ্যে তিন পুলিশ কর্মকর্তাও ছিলেন।
দিনটি স্মরণে আয়োজিত অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের বক্তব্য শেষ হওয়ার পরপরই পুলিশের গুলিতে ওই ব্যক্তি নিহত হওয়ার খবর প্রকাশ পায়। হামলার বার্ষিকীর বক্তব্যে ওলাঁদ পুলিশের শক্তি বৃদ্ধি করতে আরও অতিরিক্ত ৫ হাজার পদ সৃষ্টির অঙ্গীকার করেন। এর আগে ওলাঁদ পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীকে সমন্বিতভাবে কাজ ও গোয়েন্দা তথ্য বিনিময়ের আহ্বান জানান।
/এএ/








