প্যারিসে গত নভেম্বরের হামলার মতো ইউরোপজুড়ে নতুন করে ইসলামিক স্টেট (আইএস) ও অন্যান্য জঙ্গি দলগুলোর আরও বড় ধরনের হামলায় আশঙ্কার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল।
ইউরোপোলের পরিচালক রব ওয়াইনরাইট বলেন, ‘আইএস বিশ্বব্যাপী বড় ধরনের হামলার সক্ষমতা অর্জন করেছে। এই হামলার সম্ভাব্য কেন্দ্রবিন্দু হবে ইউরোপ।’
প্যারিসে জঙ্গি হামলার পরও ওয়াইনরাইট ইউরোপজুড়ে এরকম আরও হামলা হওয়ার ব্যাপারে সতর্ক করেছিলেন।
যে ধরনের আশঙ্কার কথা এর আগেও জানিয়েছিলেন ইউরোপীয় দেশগুলোর ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা।
ইইউ রাষ্ট্রগুলোর নিরাপত্তা সংস্থাগুলো আট সপ্তাহ আগে আলাপ-আলোচনা করে যে উপসংহার টেনেছিল তার ওপর ভিত্তি করে এক প্রতিবেদনে ইউরোপোল এ আশঙ্কার কথা জানায়।
ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলার ঘটনায় আইএস বিশ্বব্যাপী হামলা চালানোর বৃহত্তর কৌশলের ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যে সুনির্দিষ্টভাবে তারা ফ্রান্সে হামলা চালিয়েছে। কিন্তু ইইউ- এর অন্য সদস্যদেশগুলোতেও তাদের অচিরেই হামলা চালানোর আশঙ্কা রয়েছে। সূত্র: গার্ডিয়ান।
/এনএস/এমপি/








