ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সোমবার ইস্তাম্বুলে আয়োজিত এক বৈঠকে অংশ নেবে ইউক্রেন। এই বৈঠকের প্রস্তাব দিয়েছে রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রবিবার দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর টেলিগ্রামে এক বার্তায় জেলেনস্কি বলেন, আমি ইস্তাম্বুলে সোমবারের বৈঠকের আগে ইউক্রেনের অবস্থান তুলে ধরেছি।
তিনি আরও জানান, ইউক্রেনীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ।
এই আলোচনার জন্য ইউক্রেন যে শর্তগুলো তুলে ধরেছে, তার মধ্যে রয়েছে একটি সম্পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি, বন্দি বিনিময় এবং অপহৃত শিশুদের ফেরত আনা।
জেলেনস্কি বলেন, বিশ্বাসযোগ্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং নিরাপত্তার নিশ্চয়তার জন্য সর্বোচ্চ পর্যায়ে একটি বৈঠক আয়োজনের প্রস্তুতিও প্রয়োজন।
ইস্তাম্বুলে অনুষ্ঠেয় এই বৈঠককে কেন্দ্র করে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে উত্তেজনা হ্রাসের সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে। এর পর থেকে বহুবার যুদ্ধবিরতির প্রচেষ্টা হলেও তা টেকেনি। সাম্প্রতিক এই প্রস্তাবিত বৈঠককে দুই দেশের মধ্যে আলোচনার নতুন সুযোগ হিসেবে দেখছেন কূটনীতিকেরা।









