ইউক্রেন পার্লামেন্টের সাবেক সংসদ স্পিকার আন্দ্রি পারুবিকে গুলি করে হত্যার পর সন্দেহভাজনকে ধরতে ব্যাপক অভিযান চলছে। হামলাকারীকে খুঁজে বের করতে ‘সাইরেন’ নামে বিশেষ অভিযান শুরু করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। এক বিবৃতিতে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, প্রয়োজনীয় সব বাহিনী ও কৌশল মোতায়েন করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে তাকে গুলি করে হত্যা করা হয় বলে নিশ্চিত করেছেন সরকারি কর্মকর্তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলাকে একটি ‘ভয়াবহ হত্যাকাণ্ড’ বলে মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এখন পর্যন্ত যাচাই না করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, কুরিয়ারকর্মীর পোশাক পরা একজন বন্দুকধারী সড়কে পারুবির দিকে এগিয়ে আসছেন। পরে তাঁকে গুলি করে অস্ত্র হাতে পারুবির পেছন দিয়ে হেঁটে চলে যান তিনি।
পারুবির বয়স হয়েছিল ৫৪ বছর। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক আরও কাছাকাছি নিয়ে আসা এবং ২০১৪ সালে ইউক্রেনের তৎকালীন রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে সংঘটিত গণ–আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন পারুবি।
ইউক্রেনের কৌঁসুলিরা জানান, পারুবিকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়েছেন হামলাকারী। এতে ঘটনাস্থলেই নিহত হন এই রাজনীতিবিদ।
শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে লভিভের পুলিশপ্রধান ওলেক্সান্দর শ্লিয়াখভস্কি বলেন, বন্দুকধারী প্রায় আটটি গুলি ছুড়েছে। তবে ব্যবহৃত অস্ত্রের ধরণ এখনও শনাক্ত করা যায়নি। তিনি আরও জানান, হামলাটি খুব সতর্কতার সঙ্গে পরিকল্পিত বলে মনে হচ্ছে।
লভিভের প্রধান প্রসিকিউটর মিকোলা মেরেত বলেছেন, হত্যার সম্ভাব্য সব উদ্দেশ্য তদন্ত করা হচ্ছে, যার মধ্যে রাশিয়ার সম্পৃক্ততাও রয়েছে।
ইউক্রেনের আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে, ঘটনাস্থল থেকে সাতটি খোসা উদ্ধার করা হয়েছে।
সূত্র আরও জানায়, হামলাকারী গ্লোভো নামের ডেলিভারি কোম্পানির কুরিয়ার সেজেছিল। ঘটনাটির ভিডিওতে দেখা গেছে, সন্দেহভাজনের হাতে একটি হলুদ ডেলিভারি ব্যাগ রয়েছে। এছাড়াও জানা গেছে, হামলাকারীর কাছে একটি ই-বাইকও ছিল।
গ্লোভোর এক নারী মুখপাত্র বলেছেন, কোম্পানি এই নৃশংস হত্যাকাণ্ডে গভীরভাবে হতবাক এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করবে।
রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরু হওয়ার পর ২০২২ সালে পারুবিই ইউক্রেনের আঞ্চলিক প্রতিরক্ষায় যোগ দেন।
পারুবিকে ‘একজন দেশপ্রেমিক ও রাষ্ট্রনায়ক’ হিসেবে উল্লেখ করে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, তিনি ‘ইউক্রেনের মুক্তি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়’ বড় অবদান রেখেছেন। সিবিহা আরও বলেন, তিনি এমন একজন মানুষ, যার নাম ইতিহাসের পাতায় স্থান পাওয়ার যোগ্য।
ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো বলেন, পারুবিকে হত্যা করাটা ‘ইউক্রেনের হৃদয়ে গুলি ছোড়ার’ মতো একটি ঘটনা। পারুবির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলেনস্কি।









