উত্তর সাইপ্রাস উপকূলে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু নিয়ে একটি ফেরি ডুবে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ আগস্ট) তুর্কি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।
তুর্কি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টিআরটিকে দেওয়া সাক্ষাৎকারে উত্তর সাইপ্রাসের প্রধানমন্ত্রী উনাল উস্তেল জানান, এখন পর্যন্ত প্রায় ২৩৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, এখনও নিখোঁজ থাকা ২৪ জনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
প্রধানমন্ত্রী উস্তেল বলেন, বিরূপ আবহাওয়ার মুখে পড়ে ফেরিটি ছাড়ার মাত্র ১৫ মিনিটের মধ্যে এতে পানি ঢুকতে শুরু করে। এর পরপরই জরুরি সহায়তার জন্য বার্তা পাঠানো হয়।
ক্যাটামারান ঘরানার এই ফেরিটি জাতিগতভাবে বিভক্ত সাইপ্রাসের উত্তরাঞ্চলীয় কিরেনিয়া বন্দর থেকে তুরস্কের মার্সিন প্রদেশের তাসুকু বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।
কিরেনিয়ার মেয়র মুরাত সেনকুল জানান, জাহাজটি ‘ফিলু দেনিজিলিক’ নামের একটি ফেরি কোম্পানির মালিকানাধীন ছিল এবং সাইপ্রাসের উত্তর উপকূলীয় ডায়ানা বিচ এলাকা থেকে কিছুটা দূরে সাগরে ডুবে যায়।
টিআরটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, উপকূল থেকে প্রায় সাড়ে ৭ কিলোমিটার দূরে পৌঁছানোর পর ফেরিটিতে পানি ঢুকতে শুরু করে।
ঘটনাস্থলের ভিডিওচিত্রে দুর্ঘটনাকবলিত ও উল্টে যাওয়া ফেরির চারপাশে পানিতে লাইফ জ্যাকেট পরা অবস্থায় মানুষকে ভেসে থাকতে দেখা গেছে।

বন্যায় শিক্ষকের তৎপরতায় যেভাবে বাঁচলো ১ হাজার ৬৪৩ শিশু







