দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালিতে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকার নজির গড়েছে জর্জিয়া মেলোনির ডানপন্থী সরকার। শুক্রবার (৪ সেপ্টেম্বর) টানা ১,৪১৩ দিন শাসনকার্য পরিচালনার মাধ্যমে এই নতুন মাইলফলক স্পর্শ করে মেলোনি প্রশাসন।
এর আগে দেশটির ধনকুবের মিডিয়া টাইকুন সিলভিও বার্লুসকোনির এক টানা ১,৪১২ দিন ক্ষমতায় থাকার রেকর্ড ছিল। যদিও বিভিন্ন মেয়াদে ইতালি শাসন করার হিসেবে বার্লুসকোনি মোট নয় বছর প্রধানমন্ত্রী ছিলেন, তবে একক কোনও সরকারের অধীনে এটিই মেলোনির দীর্ঘতম মেয়াদ। বিশ্বযুদ্ধের পর থেকে গত ৮০ বছরে ইতালিতে ৬৮টি সরকার গঠিত হয়েছে, যেখানে একটি সরকারের গড় স্থায়িত্ব ছিল মাত্র ১৩ মাস।
ঐতিহাসিক এই মাইলফলক উদযাপন উপলক্ষে দক্ষিণাঞ্চলীয় পুলিয়া অঞ্চলের বন্দর নগরী বারিতে এক বিশাল সমাবেশের আয়োজন করেছে মেলোনি এবং তার অতি-ডানপন্থী দল ‘ব্রাদার্স অব ইতালি’ (এফডিআই)। প্রায় ৮০টি কোচে করে সমর্থকদের সমাবেশস্থলে আনা হয়েছে। সন্ধ্যায় এই সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে মেলোনির। এছাড়া উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি এবং আন্তোনিও তাদানি ভিডিও লিংকের মাধ্যমে এতে যোগ দেবেন। অনুষ্ঠানটিকে প্রকৃতপক্ষে ২০২৭ সালের সাধারণ নির্বাচনের প্রচারণার সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
চার বছরের এই ক্ষমতায় মেলোনি সরকার প্রায় ১০ লাখ অতিরিক্ত মানুষের কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্বের হার ৬ শতাংশের নিচে নামিয়ে আনা এবং ব্যক্তি আয়করে ২১ বিলিয়ন ইউরো (২৪ বিলিয়ন ডলার) ছাড় দেওয়ার কথা তুলে ধরছে। এছাড়া তারা অভিবাসীদের আগমন আশঙ্কাজনকভাবে হ্রাস করা এবং বিশ্বমঞ্চে ইতালির প্রভাব বাড়ানোর বিষয়ে গর্ব প্রকাশ করেছে। জাতীয়তাবাদী অবস্থানের কারণে দেশে মেলোনির বেশ প্রশংসা রয়েছে। সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে মেলোনি তার সাথে একটি ছবির জন্য ‘মিনতি’ করেছিলেন; এর জবাবে ‘ইতালি কারো কাছে মিনতি করে না’ বলে নিজ দেশে ব্যাপক জনপ্রিয়তা পান দেশের প্রথম এই নারী প্রধানমন্ত্রী।
অন্যদিকে মেলোনি সরকারের তীব্র সমালোচনা করেছেন বিরুদ্ধবাদীরা। তারা বলছেন, পরিসংখ্যান যাই বলুক না কেন দেশের দুর্বল উৎপাদনশীলতা, জনসংখ্যা হ্রাস, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং জনপ্রশাসনে দীর্ঘদিনের অনিয়ম দূর হয়নি। একইসাথে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়েও ক্ষোভ প্রকাশ করছেন তারা।
সূত্র: ডিডব্লিউ

নেপালে ৯ দিন সুড়ঙ্গে বন্দি থাকার পর যেভাবে বাঁচলেন দুই শ্রমিক
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ







