ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমন্ত্রণটি বিবেচনা করা হবে বলে জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানান।
পেসকভ বলেন, আমন্ত্রণকে রাশিয়া কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। তবে পুতিন মিয়ামিতে সম্মেলনে যাবেন কিনা, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকের পর পুতিনকে আমন্ত্রণ জানানোর কথা জানান। আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর মিয়ামিতে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর জি-২০ এর সভাপতিত্ব করছে যুক্তরাষ্ট্র।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের একাধিক উদ্যোগের মধ্যেই পুতিনকে এই আমন্ত্রণ জানানো হলো। তবে যুদ্ধ অবসানে এখন পর্যন্ত কোনও চুক্তিতে পৌঁছাতে পারেনি ওয়াশিংটন। যদিও ২০২৪ সালের নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প যুদ্ধটি শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ট্রাম্প ও পুতিন বিভিন্ন সময়ে টেলিফোনে কথা বলেছেন। ২০২৫ সালে আলাস্কায় ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের সর্বশেষ সরাসরি বৈঠক হয়। তবে ওই বৈঠক থেকে কোনও অগ্রগতি আসেনি। এদিকে জি-২০ সম্মেলনকে রাশিয়ার ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে অবস্থান জানানোর সুযোগ হিসেবে ব্যবহার করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার ইইউর মুখপাত্র ওলফ গিল বলেন, সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে তাদের অবস্থান অব্যাহত থাকবে।
সূত্র: উইয়ন নিউজ

নিউ ইয়র্কে নেতানিয়াহু, হচ্ছে না ট্রাম্পের সঙ্গে বৈঠক






