তুরস্কে বিরোধীপন্থি একটি জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেলের সদর দফতরে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। পুলিশের এই অভিযানের ফলে চ্যানেলটির সরাসরি সম্প্রচার বা লাইভ ব্রডকাস্ট পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ইস্তাম্বুলে অবস্থিত ‘হাল্ক টিভি’র প্রধান কার্যালয়ে এই ঘটনা ঘটে। চ্যানেল কর্তৃপক্ষ জানায়, সকালে তাদের কর্মচারীদের ভবনে প্রবেশ করতে দেওয়া হয়নি। একই সঙ্গে চ্যানেলটি পরিচালনার জন্য ইতোমধ্যে নতুন একজন ম্যানেজার নিয়োগ করা হয়েছে।
তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানে আর্থিক অপরাধবিষয়ক পুলিশের সদস্যরা চ্যানেলটির কার্যালয়ে তল্লাশি চালান। চ্যানেলটির মালিকের সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘটনায় এই অভিযান চালানো হয়েছে এবং এ ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
দেশটিতে হাল্ক টিভিকে বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়। চ্যানেলটি প্রায়ই প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ানের ক্ষমতাসীন একে পার্টির সমালোচনা করে থাকে।
গত মে মাসে তুরস্কের একটি আদালত সিএইচপির নেতৃত্বকে দল পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে দেন। বিরোধী দলটির দাবি, এই পদক্ষেপ এরদোয়ানের ক্ষমতার নিয়ন্ত্রণ আরও সুসংহত করেছে।
এদিকে ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়র একরেম ইমামোগলু এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। দুর্নীতির অভিযোগে তাকে আটক করা হয়। এরদোয়ানের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত ইমামোগলু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি