ফুসফুসের ক্যান্সারের সফল অস্ত্রোপচার শেষে চার দিন পর রোমের জেমেলি হাসপাতাল থেকে ভ্যাটিকানে ফিরেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও। শনিবার (১৭ অক্টোবর) হাসপাতাল থেকে বের হওয়ার সময় কয়েক ডজন অনুরাগী তাকে ‘হোলিনেস’ ধ্বনিতে বিদায় জানান। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
কালো রঙের একটি এসইউভি গাড়িতে চেপে হাসপাতাল ত্যাগ করার সময় কেমন আছেন জানতে চাইলে ৭১ বছর বয়সী পোপ বলেন, ‘আমি এখন অনেক ভালো আছি, ধন্যবাদ’।
গাড়িতে ওঠার আগে পোপ লিও তার সার্জন ড. স্টেফানো মারগারিটোরার সঙ্গে হাসপাতালের রোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাইরে অপেক্ষারত ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন। এ সময় ক্যান্সার জয় করা ১৩ বছর বয়সী এক ইউক্রেনীয় কিশোরী পোপকে হাতে তৈরি একটি পোপ-পুতুল উপহার দিলে তিনি কিছুক্ষণের জন্য থামেন। ঐ কিশোরী জানায়, গত ডিসেম্বরে সেন্ট পিটার্স স্কয়ারে পোপের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ তাকে রোগ মুক্তির শক্তি দিয়েছিল।
হাসপাতাল ছাড়ার ১০ মিনিটের মধ্যেই পোপ ভ্যাটিকানের প্রবেশদ্বারে পৌঁছে যান। ফুসফুসে গুটি পাওয়ার বিষয়টি সেন্ট পিটার্স স্কয়ারে প্রকাশ্যে জানানোর ঠিক এক সপ্তাহ পর আগামী রবিবার ঐতিহ্যবাহী ‘অ্যাঞ্জেলাস’ প্রার্থনার মাধ্যমে তিনি কিছু দায়িত্ব পুনরায় শুরু করবেন।
গত মঙ্গলবার অস্ত্রোপচারের মাধ্যমে পোপের ডান ফুসফুসের নিচের অংশ ফেলে দেওয়া হয়। অস্ত্রোপচারের পর নিশ্চিত হওয়া যায় যে তিনি ফুসফুসের সবচেয়ে সাধারণ ক্যান্সার ‘অ্যাডেনোকার্সিনোমা’য় আক্রান্ত ছিলেন।
অস্ত্রোপচারের পর থেকেই পোপ লিওয়ের দ্রুত সুস্থতার লক্ষণ দেখা যায়। হাসপাতালে থাকা অবস্থাতেই তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন, জ্যেষ্ঠ সহযোগীদের সঙ্গে বৈঠক করেন এবং হাসপাতালের একটি অস্থায়ী চ্যাপেলে প্রার্থনা সভার আয়োজন করেন। পোপের ব্যক্তিগত চিকিৎসক ও সার্জন জানিয়েছেন, তিনি সম্পূর্ণ একা একাই তার স্বাভাবিক দৈনন্দিন কাজকর্ম চালাতে পারছেন।
শুক্রবার ভ্যাটিকান পোপের অস্ত্রোপচার-পরবর্তী প্রথম ছবি প্রকাশ করে, যেখানে তাকে সবুজ ধর্মীয় পোশাকে চ্যাপেলের বেদিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি জানান, পোপ নিজেই এককভাবে প্রার্থনা পরিচালনা করেন এবং চিকিৎসা কর্মী ও ভ্যাটিকান রক্ষীদের জন্য রুটি বিতরণ করেন। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে অসুস্থদের সেবায় নিয়োজিত হাসপাতাল কর্মীদের ধন্যবাদ জানান।
প্রাথমিকভাবে এক সপ্তাহ হাসপাতালে থাকার কথা থাকলেও চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী পোপ দ্রুত বাড়ি ফেরার ছাড়পত্র পান।
তবে ক্যান্সারের সুনির্দিষ্ট মলিকুলার ও জেনেটিক ধরন, ফুসফুসের অন্যান্য অংশে এটি ছড়িয়ে পড়েছে কি না এবং পরবর্তী কোনও চিকিৎসার প্রয়োজন রয়েছে কি না- তা নির্ধারণে পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন চিকিৎসকরা।
ক্যানসার আক্রান্ত পোপ লিও, কী ভাবছে ভ্যাটিকান