পশ্চিমবঙ্গের ১০৮টি পৌরসভার মধ্যে ১০২টি দখলে নিয়েছে তৃণমূল কংগ্রেস। বামেদের দখলে মাত্র একটি। বিধানসভা নির্বাচনে বিরোধী দল হলেও পৌরভোটে কার্যত খাতাই খুলতে পারেনি বিজেপি। কয়েকটি ওয়ার্ড পেলেও একটি পৌরসভাও পায়নি গেরুয়া শিবির। ভোটে সন্ত্রাসের অভিযোগ করছেন বিজেপির নেতারা। একই সুর অন্যান্য দলের নেতা সুজন চক্রবর্তী, অধীররঞ্জন চৌধুরীরও গলায়।
রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এই ফল মানতেই রাজি নন। তিনি বলেন, ‘এটা একটা প্রহসনের ফল। রাজ্যে গণতান্ত্রিক ভোট হওয়া সম্ভব নয়। এই ফল মানছি না।’
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী তৃণমূলকে খোঁচা দিয়ে ব্যঙ্গের সুরে বলেন, ‘যে সমস্ত জায়গায় বিরোধিরা জিতেছে সেটা দুর্ঘটনা। কোনও কোনও ক্ষেত্রে মানুষের ঘৃণা শাসকদলের রিগিংকে ছাড়িয়ে গেছে।’
আগেরবারও মুর্শিদাবাদের তাহেরপুর ছিল বামেদের দখলে। এবারও তা নিজেদের দখলে রেখেছে বামেরা। সামগ্রিকভাবে ফলাফলের খানিকটা উন্নতি হয়েছে ঠিকই, তবে তা অত্যন্ত সামান্য। এই ফল প্রসঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘ভোট লুট হয়েছে। রীতিমতো সন্ত্রাস হয়েছে। এভাবে ভোট হতে পারে না।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘মানুষ ঠিক তফাতটা বুঝতে পারবে’।








