ব্যবসায়ীদের চিঠির জবাবে রাহুল কেন বললেন, ‘৩০ সেকেন্ডেই বিক্ষোভ থেমে যাবে’

আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬, ১২:০৩ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৩

দীপাবলির মৌসুমে ১ নভেম্বর রাজধানী দিল্লিতে ইন্ডিয়া জোটের প্রস্তাবিত বিক্ষোভ সমাবেশ পিছিয়ে দেওয়ার দাবি ফের জানিয়েছেন ব্যবসায়ীরা। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী আগের আবেদন নাকচ করে দেওয়ার একদিন পর নতুন করে তাকে চিঠি লিখেছে চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিটিআই)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সিটিআইয়ের চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল রাহুল গান্ধীকে লেখা বিস্তারিত চিঠিতে অনুরোধ করেছেন, ১ নভেম্বর রামলীলা ময়দানে অনুষ্ঠেয় মহাসমাবেশ দীপাবলির পর অন্য কোনও তারিখে সরিয়ে নিতে। সমাবেশে ১০ লাখ মানুষের উপস্থিতির আশা করা হচ্ছে। দিল্লির ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সর্বোচ্চ সংগঠন সিটিআই চিঠির একটি অনুলিপি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও পাঠিয়েছে। তাকে জোটের শরিক দলগুলোর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার অনুরোধ জানানো হয়েছে।

রাহুল গান্ধী কর্তৃক আগের আবেদন প্রত্যাখ্যানের প্রতিক্রিয়ায় গোয়েল বলেন, সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কংগ্রেস নেতা ব্যবসায়ীদের উদ্দেশে স্পষ্ট করেছেন যে দীপাবলির কেনাকাটার ভরা মৌসুমের মধ্যেই ১ নভেম্বর তিনি সমাবেশ করতে চান। এরপর রামলীলা ময়দানের আশপাশের ২০টি প্রধান বাজারের ব্যবসায়ীরা গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন।

সোমবার এক্স-এ দেওয়া পোস্টে রাহুল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বরখাস্ত করলেই কেবল ৩০ সেকেন্ডে এই বিক্ষোভ থামতে পারে। তিনি লেখেন, দিল্লির প্রতিটি ব্যবসায়ীকে বলছি, আমরা আপনাদের ভালোবাসি এবং আপনাদের কথা শুনছি। সরকার মেট্রো বন্ধ করেছে, আমাদের সড়ক বন্ধ করেছে এবং আমাদের রাজধানীকে লকডাউন করেছে। চুরি হওয়া ভোটের সঙ্গে কিছুই নিরাপদ নয়-আপনার দোকান, আপনার সঞ্চয়, আপনার সন্তানদের ভবিষ্যৎ। তিনি আরও লেখেন, মোদিকে বলুন ৪ নম্বর অভিযুক্ত জ্ঞানেশ কুমারকে বরখাস্ত করতে, তাহলে ৩০ সেকেন্ডেই বিক্ষোভ থেমে যাবে।

ব্যবসায়ীদের আশঙ্কা, মহাসমাবেশের কারণে রাজধানীতে আরোপিত বিধিনিষেধ বাণিজ্যের মৌসুমকে ব্যাহত করবে। ব্যবসায়ী সংগঠনটি প্রশ্ন তুলেছে, আগামী ৩১ অক্টোবরেই কি ব্যারিকেড বসানো হবে এবং সড়ক বন্ধ করে দেওয়া হবে? ৩১ অক্টোবর ও ১ নভেম্বর কি দোকান খোলা যাবে এবং ক্রেতারা কি সেখানে পৌঁছাতে পারবেন?

রাজধানীতে বিপুল সংখ্যক যানবাহন আসার সম্ভাবনায় রামলীলা ময়দান এলাকা অচল হয়ে যাওয়ার শঙ্কাও প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। ধারণা করা হচ্ছে, ১০ লাখ বিক্ষোভকারী নিয়ে ১৫ থেকে ২০ হাজার বাস আসতে পারে। এর বাইরে থাকবে রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত গাড়ি। সিটিআই উল্লেখ করেছে, রামলীলা ময়দানের চারপাশ ঘিরে আছে দিল্লির কিছু বৃহত্তম পাইকারি ও খুচরা বাজার। ময়দানে যাওয়ার প্রতিটি পথ এসব বাজারের ভেতর দিয়ে গেছে। চাঁদনী চক, ভাগীরথ প্যালেস, খারি বাওলি, সদর বাজার, চাওরি বাজার, কাশ্মীরি গেট, নবী করিম ও করোল বাগের মতো বাজারের ব্যবসায় প্রভাব পড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।

সিটিআইয়ের হিসাবে, ১০ অক্টোবর যন্তর মন্তরে মাত্র ৩-৪ হাজার মানুষের একটি বিক্ষোভের কারণে পুরো মধ্য দিল্লি এলাকা সিল করে দেওয়া হয়েছিল। এতে ব্যবসায়ীদের ৩ হাজার কোটি রুপি ক্ষতি হয়। তাদের দাবি, ১ নভেম্বর ১০ লাখ মানুষের সমাবেশ হলে পুরান দিল্লির সব ব্যবসা পুরোপুরি স্থবির হয়ে যাবে, যাতে ক্ষতি হবে ১০ হাজার কোটি রুপি।

সিটিআইয়ের প্রস্তাব, সমাবেশ পেছানো সম্ভব না হলে তা রামলীলা ময়দান থেকে বুরারি গ্রাউন্ডস বা জওহরলাল নেহরু স্টেডিয়ামের মতো অন্য কোনও স্থানে সরিয়ে নেওয়া হোক, যেখানে বাজারের ওপর প্রভাব পড়বে না। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিরোধী জোটের দীর্ঘ প্রচারণার অংশ হিসেবেই ১ নভেম্বরের এই সমাবেশ ডাকা হয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
যুক্তরাজ্যের সড়কে কার রেস, দুই ভারতীয় যুবকের ২৮ বছরের কারাদণ্ড
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
ট্রাম্প প্রশাসনের আবেদন নাকচ করলো আপিল আদালত
সর্বশেষ খবর
আন্দামানের নীল জলরাশির মাঝে ধোঁয়া ওঠে যে আগ্নেয় দ্বীপ থেকে
আন্দামানের নীল জলরাশির মাঝে ধোঁয়া ওঠে যে আগ্নেয় দ্বীপ থেকে
জাপানের সঙ্গে টেক পার্ক, হাই-স্পিড রেল ও যৌথ কমিশনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
জাপানের সঙ্গে টেক পার্ক, হাই-স্পিড রেল ও যৌথ কমিশনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
যুক্তরাজ্যের সড়কে কার রেস, দুই ভারতীয় যুবকের ২৮ বছরের কারাদণ্ড
যুক্তরাজ্যের সড়কে কার রেস, দুই ভারতীয় যুবকের ২৮ বছরের কারাদণ্ড
ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, হদিস নেই ছাত্রদল নেতার স্ত্রী মুক্তার
টুপটুপ রিসোর্টে আগুন ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, হদিস নেই ছাত্রদল নেতার স্ত্রী মুক্তার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
পিএসসির সদস্য হলেন সেই শামীমা সুলতানা
পিএসসির সদস্য হলেন সেই শামীমা সুলতানা
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান