পেরুতে দেশব্যাপী লকডাউন কার্যকর করতে সক্রিয় থাকায় নোবেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটির ১৭ জন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এখবর জানিয়েছে পেরুর রাষ্ট্রীয় বার্তা সংস্থা। এর আগে কর্তৃপক্ষ জানায়, দেশটিতে ১ হাজার ৩০০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনার বিস্তার ঠেকাতে ১৬ মার্চ থেকে লকডাউন চলছে পেরুতে। করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পদত্যাগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার স্থলাভিষিক্ত হন গাস্টন রডরিগুয়েজ।
নতুন স্বরাষ্ট্রমন্ত্রী রডরিগুয়েজ বলেন, ‘আমরা দেশব্যাপী ১৭ জন পুলিশ কর্মকর্তাকে হারিয়েছি, এদের ১১ জনই লিমায় মারা গেছেন।’ তিনি জানান, পেরু পুলিশের জন্য মাস্ক ও গ্লাভস ক্রয়ে ১৫ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে।
রডরিগুয়েজ বলেন, বাহিনীর সদস্যদের কোভিড-১৯ পরীক্ষার জন্য ২ লাখ ২০ কিট মে মাসের প্রথম সপ্তাহে আনা হবে। আমাদের তাদেরকে রক্ষা করতে হবে। পুলিশকে অবশ্যই ভালো প্রস্তুতি নিতে হবে।
পেরুতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ হাজার এবং মৃত্যু হয়েছে ৭ শতাধিক মানুষের।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্দিনা শনিবার জানায়, পুলিশ সদস্যদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়া প্রমাণ করে লকডাউনের বিধিনিষেধ জারি করতে গিয়ে আক্রান্তদের সংস্পর্শে আসতে হয়েছে তাদের।








