ফিলিস্তিনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত মুকুল আর্যকে মৃত অবস্থায় পাওয়া গেছে। রবিবার রামাল্লায় ভারতীয় দূতাবাসের অভ্যন্তরে তার মরদেহ পাওয়া যায়। তবে ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের ২০০৮ ব্যাচের এই কর্মকর্তার মৃত্যু কীভাবে হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।
এই কূটনীতিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘রামাল্লায় নিযুক্ত ভারতীয় দূত মুকুল আর্যের মৃত্যুর খবর জেনে গভীর দুঃখ পেয়েছি। বলার অপেক্ষা রাখে না, তিনি ছিলেন একজন বুদ্ধিমান ও মেধাবী কর্মকর্তা। তার পরিবার ও প্রিয়জনদের জানাই সমবেদনা।’
কর্মস্থলে মুকুল আর্যের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন ফিলিস্তিনের শীর্ষ নেতারাও। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বেদনাদায়ক খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং প্রধানমন্ত্রী মুহাম্মদ শতায়েহর নির্দেশনায় ভারতীয় দূতের বাসভবনে পুলিশ, নিরাপত্তা বাহিনী পাঠিয়েছেন। মৃত্যুর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণে তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয় ওই বিবৃতিতে।
ওই বিবৃতিতে বলা হয়, মুকুল আর্যের মরদেহ পরিবহনে প্রয়োজনীয় আয়োজন সম্পন্ন করতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়।
মুকুল আর্য ফিলিস্তিনে যোগ দেওয়ার আগে কাবুল ও মস্কোর ভারতীয় দূতাবাসে কাজ করেছেন। এছাড়া দিল্লিতে ভারতীয় পররাষ্ট্র দফতরেও কর্মরত ছিলেন তিনি। প্যারিসে ইউনেস্কো কার্যালয়ে ভারতের স্থায়ী দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
ভারতীয় পররাষ্ট্র সার্ভিসে যোগ দেওয়ার আগে মুকুল আর্য দিল্লি বিশ্ববিদ্যালয় এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা করেছেন।
সূত্র: এনডিটিভি








