ফিলিস্তিন ও ইসরায়েলি প্রতিনিধিরা কয়েক মাসের জন্য একতরফা পদক্ষেপ বন্ধ করতে সম্মত হয়েছে। আকাবায় একটি নিরাপত্তা বৈঠকে এ সমঝোতা হয় বলে সোমবার জানায় জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র, মিসর ও জর্ডান রোববার এ বৈঠক ডাকে।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, ৩ থেকে ৬ মাসের জন্য একতরফা পদক্ষেপের অবসান ঘটাতে যৌথ প্রতিশ্রুতি নিশ্চিত করেছে ইসরায়েল সরকার এবং ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়, সমঝোতা অনুযায়ী ৪ মাসের মধ্যে নতুন সেটেলমেন্ট নিয়ে আলোচনা বন্ধের পাশাপাশি ৬ মাসের মধ্যে কোনো ফাঁড়ির অনুমোদন দেওয়া হবে না বলে ইসরায়েলের প্রতিশ্রুতি রয়েছে। উত্তেজনা কমাতে এবং আরও সহিংসতা প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তাকে তারা পুনরায় নিশ্চিত করেছে।
আকাবা বৈঠকে অংশগ্রহণকারীরা মার্চে মিশরের শার্ম আল-শেখ-এ ফের আলোচনায় বসবে বলেও রাজি হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা ও গভীরতর করতে সহায়তা করবে জর্ডান, মিশর এবং যুক্তরাষ্ট্র।
অবশ্য উল্টো সুর দেখা গেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির কণ্ঠে। এক টুইটে তিনি বলেন, ‘জর্ডানে যা ঘটেছে (যদি ঘটে থাকে) তা জর্ডানেই যেন থেকে যায়।’
ফিলিস্তিনি শহরে ইসরায়েলি সামরিক অভিযানের পর অধিকৃত অঞ্চলজুড়ে উত্তেজনার মধ্যে এই বৈঠক হয়। ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে, এই বছরের শুরু থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড








