ফিলিস্তিনে যুদ্ধবিরতি চললেও তা মানছে না ইসরায়েল। ফিলিস্তিনে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। রবিবার (১৭ মে) গাজায় ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্যকর্মীরা এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থাটি জানিয়েছে, ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে সংঘাত বন্ধে পরিচালিত যুদ্ধবিরতির প্রচেষ্টা ব্যর্থতার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানে যৌথ বোমাবর্ষণ বন্ধ করার পর থেকে ইসরায়েল গাজায় তাদের হামলা জোরদার করেছে। ইসরায়েলি সেনারা অঞ্চলটির অর্ধেকেরও বেশি অংশের নিয়ন্ত্রণ ধরে রাখলেও হামাস সেখানে নিজেদের প্রভাব আরও শক্তিশালী করছে।
গাজার স্বাস্থ্যকর্মীদের তথ্যমতে, দক্ষিণ গাজার খান ইউনিসে একটি পুলিশ পোস্টের কাছে ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নিহত হন। এছাড়া আরেকজন নিহত হন একটি তাঁবু শিবিরে হামলায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ওই এলাকায় নিজেদের বাহিনীর জন্য তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করা এক যোদ্ধাকে হত্যা করেছে।
এদিকে, গাজার চিকিৎসকরা জানান, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় আল-আকসা হাসপাতালের কাছে একটি কমিউনিটি কিচেনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।
অন্যদিকে, সরকারি চিকিৎসা সূত্র জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসে গুলির এক ঘটনায় একজন এবং মধ্য গাজার দেইর আল-বালাহে একটি বেকারির কাছে ইসরায়েলি বিমান হামলায় আরও দুজন নিহত হন। এ ঘটনাতেও ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।
শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, হামাসের সশস্ত্র শাখার গাজা প্রধান ইজ্জ আল-দীন আল-হাদ্দাদ শুক্রবার গাজা সিটিতে চালানো একটি হামলায় নিহত হয়েছেন। হামাসও হাদ্দাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে, তবে প্রতিশোধ নেওয়ার কোনও হুমকি দেয়নি।








