ইরানের ক্ষমতায় আহমাদিনেজাদকে বসাতে ইসরায়েলের গোপন মিশন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই ২০২৬, ২০:১৫ আপডেট : ১৩ জুলাই ২০২৬, ২১:০০

ইরানের সাবেক কট্টরপন্থি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে দেশটির পরবর্তী নেতা হিসেবে বসানোর জন্য বছরের পর বছর ধরে একটি গোপন পরিকল্পনা ও প্রচেষ্টা চালিয়েছিল ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই আহমাদিনেজাদকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করতে তার দেহরক্ষীদের ওপর হামলা চালানো হয়, যা ছিল এই দীর্ঘমেয়াদি অভিযানেরই চূড়ান্ত অংশ। এই পরিকল্পনার অংশ হিসেবে হাঙ্গেরিতে এক অ্যাকাডেমিক কনফারেন্সের ফাঁকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার সঙ্গে গোপন বৈঠকও করেছিলেন আহমাদিনেজাদ।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওই হামলার পর একটি গাড়িতে করে সাবেক এই প্রেসিডেন্টকে গোপন আস্তানায় সরিয়ে নেওয়া হয়। তবে ইসরায়েলের পরিকল্পনায় ক্ষুব্ধ ও মোহভঙ্গ হয়ে পরবর্তীতে তিনি সেই গোপন আস্তানা ত্যাগ করেন। বর্তমানে আহমাদিনেজাদের প্রকৃত অবস্থা অস্পষ্ট। তবে সম্প্রতি নিহত সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজায় ভারী কোট এবং মুখোশ পরা রক্ষীদের বেষ্টনীতে তাকে সংক্ষিপ্ত সময়ের জন্য দেখা গেছে।

ধারণা করা হচ্ছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বর্তমানে তিনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হেফাজতে রয়েছেন।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, মোসাদ প্রধান বার্নিয়ার সঙ্গে বৈঠকের সুযোগ করে দিতেই ২০২৪ সালে বুদাপেস্টে একটি জলবায়ু পরিবর্তন সম্মেলনে আহমাদিনেজাদকে আমন্ত্রণ জানিয়েছিল হাঙ্গেরি। হাঙ্গেরির লুদোভিকা ইউনিভার্সিটি অব পাবলিক সার্ভিসের রেক্টর গেরগেলি ডেলিকে দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আহমাদিনেজাদকে আমন্ত্রণ জানানোর অনুরোধ করেছিলেন। ওই কর্মকর্তা রেক্টরকে স্পষ্টই বলেছিলেন যে এই আমন্ত্রণটি ছিল মূলত হলোকাস্ট (ইহুদি নিধনযজ্ঞ) অস্বীকারকারী সাবেক এই প্রেসিডেন্টের সঙ্গে মোসাদ এজেন্টদের বৈঠকের একটি আবরণ মাত্র।

এর আগে ২০২৩ সালে গুয়াতেমালায় একটি পরিবেশ সম্মেলনের সফরের সময়ও ইসরায়েল আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগ করেছিল। প্রথমে ইরানি নিরাপত্তা সংস্থা তাকে ফ্লাইটে উঠতে বাধা দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও অবস্থান ধর্মঘটের পর তাকে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এরপর ২০২৫ সালের জুনে বুদাপেস্টে দ্বিতীয়বারের মতো ইসরায়েলি এজেন্টদের সঙ্গে বৈঠক করেন তিনি। সে সময় তিনি দুবার তার আইআরজিসি দেহরক্ষীদের চোখ ফাঁকি দিতে সক্ষম হন। ইসরায়েল তার আবাসন ও যাতায়াত খরচও বহন করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উগ্র ইসরায়েল-বিরোধী হিসেবে পরিচিত কট্টর রক্ষণশীল নেতা মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তিনি বারবার হলোকাস্ট অস্বীকার করেন, ইসরায়েল ধ্বংসের আহ্বান জানান এবং ইরান চাইলে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে বলে ইঙ্গিত দেন। তবে ক্ষমতা ছাড়ার পর পরবর্তী নির্বাচনগুলোতে কর্তৃপক্ষ তাকে বারবার অযোগ্য ঘোষণা করে। সাম্প্রতিক বছরগুলোতে তিনি খামেনির নেতৃত্বাধীন সরকারের একজন কড়া সমালোচকে পরিণত হন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও দুর্বল শাসনের অভিযোগ তোলেন। একই সঙ্গে তিনি জনসমক্ষে নিজেকে সাধারণ ইরানিদের আইনজীবী এবং একজন সংস্কারবাদী হিসেবে উপস্থাপন করে আরও উদারপন্থি অবস্থান দেখাতে শুরু করেন।

নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে, আহমাদিনেজাদ একপর্যায়ে বুঝতে পেরেছিলেন যে বর্তমান ব্যবস্থার অধীনে তিনি আর ক্ষমতায় ফিরতে পারবেন না। তাই ক্ষমতায় ফেরার পথ হিসেবে তিনি বিদেশি হস্তক্ষেপকেই বেছে নেন। তার এক ঘনিষ্ঠ সহযোগী জানান, আহমাদিনেজাদ নিজেকে একজন সংস্কারক হিসেবে দেখতেন এবং তিনি ক্ষমতায় এলে ইরান ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতো। তবে তার ভয় ছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি কোনও বহিরাগতকে ইরানের ক্ষমতায় বসায়, তবে দেশটিতে বিশৃঙ্খলা নেমে আসতে পারে। যদিও কুর্দি বিদ্রোহসহ ইরানের বর্তমান সরকারকে উৎখাত করার ইসরায়েলের এই বিশাল পরিকল্পনাটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে এবং দেশটির শাসনব্যবস্থা এখনও দৃঢ়ভাবেই বহাল রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি?
৭৩ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংক বোর্ডের নেতৃত্বে পাকিস্তান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী
ভারতের ভিসার স্লটগুলো আগেই ব্লক করে ফেলে অসাধু এজেন্টরা: উপহাইকমিশনার
ভারতের ভিসার স্লটগুলো আগেই ব্লক করে ফেলে অসাধু এজেন্টরা: উপহাইকমিশনার
শামীমকে পিটিয়ে হত্যা: আদালতে জবানবন্দিতে যা বললেন আমিনী
শামীমকে পিটিয়ে হত্যা: আদালতে জবানবন্দিতে যা বললেন আমিনী
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন