নির্বাচনের কারণে গাজা ইস্যুতে অযৌক্তিক আচরণ করছে ইসরায়েল: কুশনার

আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪০ আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪০

মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার রবিবার বলেছেন, আগামী মাসে অনুষ্ঠেয় নেসেট (ইসরায়েলি সংসদ) নির্বাচনকে কেন্দ্র করে গাজা ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ‘খানিকটা অযৌক্তিক’ আচরণ করছে। হামাসকে নিরস্ত্র করার লক্ষ্যে গঠিত বোর্ড অব পিস-এর প্রস্তাব ইসরায়েল প্রত্যাখ্যান করা এবং গাজায় অব্যাহত হামলার পটভূমিতে তিনি এই মন্তব্য করেন।

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে কিয়েভ সফরের সময় এক সংবাদ সম্মেলনে কুশনার বলেন, আমি মনে করি গাজার চূড়ান্ত পরিণতির বিষয়ে আমরা ইসরায়েলিদের সঙ্গে একমত। তবে তাদের দেশের পাগলাটে নির্বাচনের কারণে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে তারা কিছুটা অযৌক্তিক হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্র বোর্ড অব পিস-এর মাধ্যমে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পাশাপাশি হামাসসহ অন্য সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার পরিকল্পনা এগিয়ে নিতে চাইছে। তবে ইসরায়েলের বিরোধিতার কারণে পরিকল্পনাটি স্থবির হয়ে পড়েছে। আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইতোমধ্যে গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাব দিয়ে মুসলিম দেশগুলোর তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতাবার বেন গভির। বিভিন্ন দেশ একে মার্কিন সমর্থিত ২০২৫ সালের অক্টোবর শান্তি চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেছে। কাৎজ জানিয়েছেন, তারা স্থল, জল ও আকাশপথে ফিলিস্তিনিদের গাজা ছাড়ার সুযোগ দিতে প্রস্তুত, তবে কোনও দেশ এত বিপুলসংখ্যক মানুষকে গ্রহণ করতে রাজি নয়।

এদিকে হামাস নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ও শিফা হাসপাতালের প্রধান মোহাম্মদ আবু সেলমিয়া জানিয়েছেন, গাজা সিটির আল-নসর এলাকায় ইসরায়েলি হামলায় ইউসুফ আকিলা ও তার আট বছরের মেয়ে ওয়াফা নিহত এবং ছয়জন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা এক হামাস সন্ত্রাসীকে লক্ষ্য করে হামলাটি চালিয়েছিল।

অন্যদিকে ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছে, সীমানা সংলগ্ন এলাকায় একটি সামরিক যানে ফিলিস্তিনিদের পাতানো বোমা বিস্ফোরণের জবাবে তারা রাতে গাজায় হামাসের বেশ কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এই বোমা বিস্ফোরণকে যুদ্ধবিরতি চুক্তির নগ্ন লঙ্ঘন বলে দাবি করেছে ইসরায়েল।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/
সম্পর্কিত
মার্কিন-ইসরায়েল সামরিক সম্পর্ককে ‘পরজীবী’ বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সাজা শেষেও বাংলাদেশে বন্দি ১৬৮ ভারতীয়, কেন দায়িত্ব নিচ্ছে না ভারত?
আটলান্টিকের নাম ‘ট্রাম্প মহাসাগর’ করতে চান ট্রাম্প, যা জানালো গুগল
সর্বশেষ খবর
‘কার সঙ্গে কার আঁতাত ছিল, জাতি জানে’: এ্যানি
‘কার সঙ্গে কার আঁতাত ছিল, জাতি জানে’: এ্যানি
এনসিপিতে সামান্তা শারমিনের পদাবনতি
এনসিপিতে সামান্তা শারমিনের পদাবনতি
গান, চাকরি ও পড়ানো—যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার
গান, চাকরি ও পড়ানো—যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার
মাগুরায় মদ্যপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু
মাগুরায় মদ্যপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান