ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হওয়ার পর দেশটিতে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে রাষ্ট্রের কাছে অস্ত্র সমর্পণের জন্য নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি। আগামী ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরের সব অস্ত্র সমর্পণের জন্য বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, আগের ৩০ সেপ্টেম্বরের সময়সীমা থেকে সরে এসে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী জায়েদি বলেন, রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে থাকা অস্ত্রের বিষয়টি সমাধানের জন্য ১ অক্টোবরকে একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ জন্য সুস্পষ্ট কর্মপরিকল্পনা ও সম্মত সময়সূচি অনুযায়ী ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে শেষ হবে।
ইরাক সরকার মনে করছে, মার্কিন জোটের সেনা প্রত্যাহারের ফলে ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র ধরে রাখার আগের অজুহাত আর বহাল থাকবে না। ২০১৪ সালে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়তে ইরাক ও সিরিয়ায় মোতায়েন করা মার্কিন নেতৃত্বাধীন জোট গত বুধবার তাদের মিশন আনুষ্ঠানিকভাবে শেষ করে সেনা প্রত্যাহার করে নেয়।
এদিকে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে অভিহিত করে স্বাগত জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি)। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিপ্লবী গার্ডের পক্ষ থেকে পুরো মধ্যপ্রাচ্য থেকেও মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানানো হয়।