যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস-এ অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে এক ব্যক্তিকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন এক বন্দুকধারী। বুধবার এ হামলা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলবিদ্যা বিভাগের একটি অফিস কক্ষে এ দুটি মরদেহ পাওয়া যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বন্দুকধারীর হামলার খবর পেয়ে দ্রুত ক্যাম্পাসে ছুটে যান অন্তত ২শ পুলিশ। বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের চারপাশ ঘিরে ফেলা হয়। হেলিকপ্টার দিয়েও টহল দেওয়া হয়েছে। পরে পরিস্থিতি শান্ত হয়।
লস অ্যাঞ্জেলস-এর পুলিশ প্রধান শার্লি বেক সাংবাদিকদের জানান, বড় ধরনের কিছুকে সন্দেহ করা হচ্ছে না। তিনি বলেন, ‘একইসঙ্গে একটি হত্যা ও একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক উদ্ধার হয়েছে। এছাড়া আরেকটি নোট উদ্ধার হয়েছে যা সুইসাইড নোট হতে পারে।’
উল্লেখ্য, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে থাকে। বুধবার বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলার পর সেদিনের জন্য সকল ক্লাস বাতিল করে দেওয়া হয়। অবশ্য পরে বৃহস্পতিবার থেকে নতুন করে ক্লাস শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে। সূত্র: বিবিসি, রয়টার্স
/এফইউ/








