মুসলিম রাষ্ট্রে হামলায় বিশেষ পদ্ধতি অনুসরণ করছে আইএস

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০১৬, ২০:২০আপডেট : ০৩ জুলাই ২০১৬, ২০:২০

গুলশান হামলায় নিহতদের স্মরণ সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সর্বশেষ ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা করে ২২ জনকে হত্যার দায় স্বীকার করেছে আইএস। ঢাকার গুলশানে হামলার পর জঙ্গি এ সংগঠনের কর্মকাণ্ড পর্যালোচনাকারীদের দাবি, ইউরোপের অমুসলিম দেশগুলোতে যেভাবে হামলা চালানো হয় তার তুলনায় মুসলিম রাষ্ট্রে হামলার পদ্ধতি ভিন্ন। মুসলিম রাষ্ট্রে হামলার ক্ষেত্রে বিশেষ পদ্ধতি অনুসরণ করছে আইএস। এছাড়া, বাংলাদেশে এর আগে বিদেশি নাগরিক, ধর্মীয় সংখ্যালঘু, মুক্তমতের মানুষদের টার্গেট করে হত্যার দায় স্বীকার করেছে আইএস। এবারের হামলার মধ্য দিয়ে নিজেদের কৌশল পাল্টে ফেলেছে বলেও মনে করা হচ্ছে।

গত বছর সেপ্টেম্বরে বাংলাদেশে প্রথম যে বিদেশি নাগরিককে হত্যা করা হয় তিনি ছিলেন ইতালিয়ান। একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত ছিলেন ৫০ বছর বয়সী ওই ইতালিয়ান। পুলিশের মতে, তার হত্যাকারীকে যে কোন একজন শ্বেতাঙ্গ বিদেশিকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছিলো।

এরপর অক্টোবর মাসে হত্যা করা হয় একজন জাপানি নাগরিককে। নভেম্বরে বাংলাদেশের উত্তরাঞ্চলে এক ক্যাথলিক গির্জার পাদ্রিকে হত্যা করে জঙ্গিরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর দাবি, ইউরোপে হামলা চালানোর সময় আইএস সদস্যদের ‘যে কাউকে কিংবা প্রত্যেককে’ হত্যা করার নির্দেশ থাকে। সে তুলনায় বাংলাদেশে হামলার পদ্ধতি যথেষ্ট নিয়ন্ত্রিত বলেই ধারণা করা হচ্ছে। গত নয় মাসে দক্ষিণ এশিয়ায় অন্তত ১৯ জনকে হত্যার দায় স্বীকার করেছে আইএস। নিহতদের মধ্যে সবাই ছিলেন ক্ষুদ্র জাতিগোষ্ঠী বা ধর্মীয় সংখ্যালঘু হিন্দু, শিয়া, ক্যাথলিক ইত্যাদি সম্প্রদায়ের।

তীক্ষ্ণ নজর দিলে দেখা যাবে, বাংলাদেশে তুরস্কের মতো বোমা হামলা অথবা প্যারিস বা ব্রাসেলসের মত বন্দুকহামলা করে ঢালাওভাবে হত্যাকাণ্ড চালানো হয়নি। পূর্বপরিকল্পনা অনুযায়ী লক্ষ্যস্থির করেই নির্দিষ্ট মানুষদের হত্যা করা হয়েছে। এ থেকে ধারণা করা যায় ইসলামিক স্টেট পৃথিবীর ভিন্ন ভিন্ন অংশের মানুষের ওপর প্রয়োগ করছে ভিন্ন ভিন্ন পদ্ধতি।

সাইট ইন্টেলিজেন্স গ্রুপের রিটা কাৎজ বলেন, ‘মুসলিম রাষ্ট্র ও অমুসলিম রাষ্ট্রে হামলা চালানোর ভিন্ন ভিন্ন পদ্ধতি বিবেচনায় আনতে হবে। আইএস ফ্রান্স, বেলজিয়াম, অ্যামেরিকা ইত্যাদি পশ্চিমা রাষ্ট্রে গণহারে সাধারণ মানুষ হত্যা করে। কিন্তু তুরস্ক বা কোন মুসলিম রাষ্ট্রে তারা মুসলিম হত্যা না করার চেষ্টা করে। দেখাতে চেষ্টা করে যে, তারা মুসলিমদের হত্যা না করারই চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘ইসলামিক স্টেট সব মুসলিম রাষ্ট্রে হামলা চালানোর ক্ষেত্রেই বেছে নিয়েছে নির্দিষ্ট লক্ষ্য যা ইউরোপের বা পশ্চিমের হামলাগুলোর পুরোপুরি বিপরীত।’

উদাহরণস্বরূপ, গত মাসে জর্ডানের প্রথম বোমা হামলা, মে মাসে সুন্নি অধ্যুষিত সৌদি আরবের শিয়া মসজিদের হামলা এবং জানুয়ারি মাসে ইন্দোনেশিয়ার জাকার্তায় হামলার কথা উল্লেখ করা যেতে পারে। ঢাকার গুলশানে হামলার ক্ষেত্রে এ বিষয়টি লক্ষ্য করার মতো। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, হামলাকারীরা লুকিয়ে থাকা বাংলাদেশিদের অভয় দিয়ে জানায়, তারা শুধু বিদেশিদেরই হত্যা করবে, বাংলাদেশিদের নয়।

উল্লেখ্য, গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের রেস্টুরেন্ট  ‘হলি আর্টিজান বেকারি’তে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে প্রথম হামলা চালায় সন্ত্রাসীরা। গুলি করতে করতে ভেতরে ঢুকে রেস্টুরেন্টে থাকা লোকদের জিম্মি করে ফেলে তারা। খবর পেয়ে গুলশান থানাসহ আশেপাশের থানাগুলো থেকে পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। গিয়েই তারা রেস্টুরেন্ট কম্পাউন্ডে ঢুকে পড়ে। সন্ত্রাসীরা অত্যাধুনিক অস্ত্র ও বিস্ফোরক দিয়ে পাল্টা আক্রমণ করলে পুলিশ সদস্যদের অনেকেই হতাহত হন। পিছু হটতে বাধ্য হন পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এরপর শনিবার সকাল সাতটা চল্লিশে শুরু হয় ‘অপারেশন থান্ডারবোল্ট’। ১২-১৩ মিনিটের মধ্যে সন্ত্রাসীদের নির্মূল করা হয়। সাড়ে আটটায় অপারেশন সমাপ্ত করা হয়।

অভিযানে ৩ জন বিদেশি যার মধ্যে ১ জন জাপানি এবং ২ জন শ্রীলঙ্কান নাগরিকসহ মোট ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। আর অভিযানের পর তল্লাশি শেষে আরও ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়। অভিযানে ৬ সন্ত্রাসী নিহত হন।

হামলায় নিহত ২০ জনের নাগরিকত্ব ও পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে ১৭ জন বিদেশি ও ৩ জন বাংলাদেশি।  বিদেশিদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও একজন ভারতীয়। বাংলাদেশিদের মধ্যে একজন যুক্তরাষ্ট্র প্রবাসী ছিলেন। নিহতদের  পারিবারিক সূত্র ও সংশ্লিষ্ট দূতাবাস এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্র:দ্য নিউ ইয়র্ক টাইমস।

/ইউআর/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান