বড়দিনে অস্ট্রেলিয়ার দক্ষিণ সিডনীর ব্রুকলিনের একটা নৌকা থেকে ৫০০ কেজি কোকেন এবং তাহিতি থেকে ৬০০ কেজি কোকেন জব্দ করেছে পুলিশ। কোকেন পাচারের সঙ্গে জড়িত হিসেবে ১৫ জনকে অভিযুক্ত করেছে দেশটির পুলিশ। এটি অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় কোকেন আটকের ঘটনা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
পুলিশ জানায়, ডিসেম্বরের প্রথম থেকেই পুলিশ ও সীমান্ত রক্ষাকারী কর্মকর্তারা সিডনির মাছের বাজার ও নিউ সাউথ ওয়েলসের মধ্য চলাচলকারি জাহাজের উপর নজরদারি শুরু করে। বড়দিনের রাতে জাহাজ থেকে একটা ছোট নৌকা ব্রুকলিনে এসে নোঙর করে। পুলিশ নৌকাটিকে ঘিরে ধরে এবং তিনজনকে গ্রেফতার করে । এরপর গত কয়েকদিনের মধ্যে আরও ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত কোকেন দক্ষিণ আমেরিকা থেকে এসেছে বলে পুলিশের ধারণা।
গ্রেফতারকৃতরা সীমান্তে চোরাচালানের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিযুক্তদের মধ্যে একজন দেশটির জাতীয় রাগবি লীগের সাবেক খেলোয়াড়ও রয়েছেন।
অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ক্রিস শিহান সাংবাদিকদের জানান, সম্মিলিতভাবে যে পরিমাণ কোকেন জব্দ করা হয়েছে, তা অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা।
শিহান আরও জানান, অভিযুক্তদের একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং তারা একটি সুসংবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত। তিনি দাবি করেন, পুলিশ এই চক্রের সবাইকে গ্রেফতারে সক্ষম হয়েছে।
নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার মার্ক জেনকিন জানান, এই অভিযানে পুলিশ সদস্যদের বেশ কয়েকদিন কাজ করতে হয়েছে।
/টিকে/এএ/








