সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ৮টা থেকে রবিবার (৪ অক্টোবর) সকাল ৮টার মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩০০ জন।
রবিবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০২ জন। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ জনে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২১৮ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮২ জনের। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩০০ জন।
গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন। তাদের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, একই সময়ের মধ্যে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জনের। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৭৪৮ জনের।
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি, মৃত্যু ৬ জনের