দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চারজন। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬ জন। অপরদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩১ জন।
শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হলেও এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী ৯৫৫ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩১ জনের।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫১ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫।
এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৩ হাজার ৮৪৮ জনের। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৩২৮ জনের।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৩১ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭০৩ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৪ জন, খুলনা বিভাগে ১৮৪ জন, রাজশাহী বিভাগে ১৪১ জন, রংপুর বিভাগে ৭৫ জন, বরিশাল বিভাগে ২১৯ জন এবং সিলেট বিভাগে ১৪ জন রয়েছেন।
চলতি বছরের শুরু থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৮২ জন। তাদের মধ্যে ৯১ হাজার ৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৭৭৬ জন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ২৯৯ জন।
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ